আমাদের ঘেউ ঘেউ কেউ শুনছেনা – রনি
খবর নারায়ণগঞ্জ.কম :
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য, সিটি কর্পোরেশন ও বিএনপির নেতৃবৃন্দ মিলে গরিবের পেটে লাথি মেরেছে। কিন্তু আমরা তাদের ডাকে সাড়া দিয়ে স্ব-সম্মানে সরে গিয়েছি।
বিকল্প কর্মসংস্থান পুর্ণবাসন ছাড়া হকার উচ্ছেদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে মহানগর জাতীয়তাবাদী হকার্স ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান রনি এ কথা বলেন।
তিনি বলেন, তারা আমাদের অভিভাবক। সন্তানকে যখন বাসা থেকে বের করে দেয় তখন দিনশেষে বাবা-মা সেই সন্তানকে ডেকে আনে। অথচ আজকে ১৫ দিন যাবৎ আমাদের ফুটপাত থেকে উচ্ছেদ করেছে কিন্তু আমাদের বসার জন্য কোন ব্যবস্থা করেনি। আমরা দিন আনি দিন খাই। সন্তানদের পড়ালেখা বন্ধ হয়ে যাচ্ছে, অর্থ সংকট শুরু হতে যাচ্ছে। বাড়ির বাইরে যখন কুকুর ঘেউ ঘেউ করে তখন বাড়ির মালিক দরজা খুলে দেখে কুকুর কেনো ঘেউ ঘেউ করছে। কিন্তু আমাদের ঘেউ ঘেউ কেউ শুনছেনা।
তিনি আরও বলেন, আপনি আমার মুখে খাবার দিতে না পারেন কিন্তু আপনার শহরের রাস্তায় আমি হকারি করি সেটা কেড়ে নেয়ার অধিকার আপনার থাকতে পারেনা। মৌলিক অধিকার কর্মসংস্থান বাকীগুলো বাদ দিলাম। আমি মূর্খ মানুষ শুধু একটি কথাই জানি আমার কর্মসংস্থান আমাকেই করে নিতে হবে। তাই সকলকেই বলবো দয়া করে আমাদের জন্য কিছু একটা করুন। আমরাও মানুষ, আমাদেরও বেঁচে থাকার অধিকার আছে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন, মহানগর জাতীয়তাবাদী হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন, সহ-সভাপতি সাইফুল ইসলাম, মনিরুজ্জামান, আলাউদ্দিন আহমেদ, আজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সুমন, প্রচার সম্পাদক মনির হোসেন, জাকির, আব্দুল হাকিম, কোষাধ্যক্ষ হৃদয় সাহা প্রমুখ।

