নারায়ণগঞ্জে মশিউর রহমান রনির বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি’র বিরুদ্ধে দায়েরকৃত ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার এবং হয়রানি বন্ধের দাবিতে নারায়ণগঞ্জে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২০শে এপ্রিল সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এই সভার আয়োজন করা হয়।
প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা এবং অন্ধ-বিকলঙ্গ হকার্স কল্যাণ সমিতি (নারায়ণগঞ্জ জেলা শাখা) যৌথভাবে এই প্রতিবাদ সভার আয়োজন করে। সভায় বক্তারা দাবি করেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে মশিউর রহমান রনিকে একের পর এক মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। অবিলম্বে এসব মামলা প্রত্যাহার করে তাকে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়ার জোর দাবি জানানো হয়।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকা সত্ত্বেও রনিকে প্রশাসনিক ও আইনিভাবে হেনস্তা করা হচ্ছে। এই ধরনের হয়রানি চলতে থাকলে আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ।

