কাইকারটেক হাটে ক্রেতা-বিক্রেতার ভিড়,জমজমাট বেচাকেনা

খবর নারায়ণগঞ্জ.কম :
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাইকারটেক হাটে প্রতি সপ্তাহের নির্ধারিত হাটবারে ক্রেতা-বিক্রেতাদের ব্যাপক উপস্থিতিতে জমে উঠেছে বেচাকেনা। ভোর থেকেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ হাটে ভিড় করতে শুরু করে, যা দুপুরের দিকে আরও বাড়তে থাকে।
হাটে গরু, ছাগল, হাঁস-মুরগি, মাছসহ নানা ধরনের কৃষিপণ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিক্রি হতে দেখা গেছে। বিশেষ করে স্থানীয় কৃষকদের আনা তাজা শাকসবজি ও ফলমূলের চাহিদা ছিল সবচেয়ে বেশি।
স্থানীয় এক ক্রেতা জানান, বাজারের তুলনায় এখানে দাম কিছুটা কম, আর পণ্যও বেশ টাটকা পাওয়া যায়। অন্যদিকে বিক্রেতারা বলেন, এই হাট আমাদের প্রধান আয়ের উৎস। ভালো বেচাকেনা হলে সংসার চালানো সহজ হয়।
হাটের ইজারাদার থানা বিএনপির সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু জানান, আমাদের পূর্ব পুরুষরা এ হাটটি শুরু করেছিলেন। বর্তমানে উত্তরসূরী হিসেবে আমরা পরিচালনা করছি। এই হাটটিতে গরু, ছাগল, হাঁস, মুরগি, বিভিন্ন ধরনের শাক-সবজি, গাছের চারা, কৃষি যন্ত্রপাতি, নানারকম খাবার সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায়। এছাড়াও ঐতিহ্যবাহী পুতা মিষ্টিও এখানে পাওয়া যায়। নারায়ণগঞ্জ সহ মুন্সিগঞ্জ, নরসিংদী, কুমিল্লা থেকেও লোকজন এখানে কেনাকাটা করতে আসে।
তবে হাটের অবকাঠামোগত কিছু সমস্যা এখনো রয়েগেছে। যানজট, পার্কিং সংকট এবং স্যানিটেশন ব্যবস্থার অভাব নিয়ে ক্রেতা-বিক্রেতারা অসন্তোষ প্রকাশ করেছেন।স্থানীয়দের দাবি, যথাযথ পরিকল্পনা ও প্রশাসনিক উদ্যোগ নিলে কাইকারটেক হাটটি আধুনিক ও আরও সুশৃঙ্খল বাজারে পরিণত হতে পারে, যা এলাকার অর্থনীতিকে আরও গতিশীল করবে।


