নীটওয়্যার খাত আমাদের দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি – স্বরাষ্ট্র উপদেষ্টা

খবর নারায়ণগঞ্জ.কম :
বিকেএমইএ’র পক্ষ হতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও শিল্প পুলিশ-৪ কে ৬টি পুলিশ ভ্যান হস্তান্তর করা হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে বিকেএমইএ’র ভবন প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিকেএমইএ’র সভাপতি মোঃ হাতেম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেঃ জেঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অবঃ)।
স্বরাষ্ট্র উপদেষ্টা তার বক্তব্যে বলেন, বিকেএমইএ এর পক্ষ থেকে যে পুলিশ ভ্যান উপহার দেয়া হয়েছে সেটা প্রশংসনীয় ও দৃষ্টান্তমূলক কার্যক্রম। শিল্পখাত স্থিতিশীল রাখা, শ্রমিকদের সুরক্ষা, আইনশৃঙ্খলা রক্ষায় জেলা ও শিল্প পুলিশ গুরুত্বপূর্ণ অবদান রাখে। নারায়ণগঞ্জের মত ঘনবসতিপূর্ণ শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষা সহ বিভিন্ন কার্যক্রমে পুলিশ ভ্যান গুলো গতিশীল ভুমিকা রাখবে বলে আমি মনে করি। নীটওয়্যার খাত আমাদের দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এ খাতের টেকসই উন্নয়নের জন্য নিরাপদ শিল্পাঞ্চল, স্থিতিশীল আইনশৃঙ্খলা এবং প্রশাসনের সাথে শিল্প মালিকদের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরী। বিকেএমইএ আজকে সেই উজ্জ্বল দৃষ্টান্ত উপস্থাপন করেছে আজকের এ উদ্যোগের মাধ্যমে।
এসময় গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কে নির্বাচন করবে, কে করবেনা এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। নিরাপত্তা একটি বড় ধরনের শব্দ। এখানে অনুষ্ঠানে আমরা এসেছি যদি নিরাপত্তা নিয়ে সংশয় থাকতো তাহলে আমরা এখানে আসতাম না।
বক্তব্য শেষে উপস্থিত অতিথিবৃন্দ জেলা ও শিল্প পুলিশের কর্মকর্তাদের নিকট নতুন পুলিশ ভ্যান হস্তান্তর করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী, জেলা প্রশাসক রায়হান কবীর, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, বিকেএমইএ’র সহ-সভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
