শতবর্ষীয় ফজিলাতুন্নেছার প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন ডিসি জাহিদুল ইসলাম

খবর নারায়ণগঞ্জ.কম :
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিয়ার উদ্যোগে শতবর্ষী বৃদ্ধা ফজিলাতুন্নেছাকে নগদ অর্থ সহ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে চুনকা পাঠাগার সংলগ্ন পৌর মার্কেটের সামনে বৃদ্ধাকে জেলা প্রশাসক সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত থেকে এ সহযোগিতা প্রদান করেন।
এসময় জেলা প্রশাসক বলেন, ফজিলাতুন্নেছা একজন শতবর্ষীয় বৃদ্ধ। যিনি নিজের ব্যক্তিত্ব ধরে রেখেছেন। এত বয়স হয়েছে, স্বামী-সন্তান নেই তবুও তিনি কারো কাছে হাত পাতেন নি বা সহযোগিতা নেন নি। এই বয়সে এসেও তিনি নিজেই বাজার করেন, বিভিন্ন মৌসুমি ফল এনে নিজে সেগুলো বিক্রি করেন। আমাদের সমাজের সবাই যদি এমন সচেতন আর ব্যক্তিত্ববান হই তাহলে সমাজটা আরো বেশী সুন্দর হতো।
এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে চাল, ডাল, তেল, মসলা, চিনি, নগদ অর্থ, জামদানী শাড়ি, বেড শিট প্রদান করা হয়। এছাড়াও বয়স্কভাতার ব্যবস্থা করে দেয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক।
উল্লেখ্য, চাঁদপুরের মতলব কদমতলী এলাকার ভূইয়াবাড়ীর মেয়ে ফজিলাতুন্নেছা। ভাই বোন আত্মীয় স্বজনদের সাথে অভিমান করে এরশাদের শাসন আমল ১৯৮৩ সালে নারায়ণগঞ্জে চলে আসেন তিনি। বর্তমানে সন্তান স্বামী হারা ফজিলাতুন্নেছার বয়স প্রায় ১১৫ বছর। শহরের ২নং রেল গেইট এলাকার আলী আহমেদ চুনকা পাঠাগারের পাশে স্বল্প পুজি নিয়ে শশা, আমরা, গাজর, জাম্বুরা বিক্রি করেন তিনি। বয়সের ভার তাকে কাবু করতে পারেনি, ফল বিক্রি করে জীবীকা নির্বাহ করেন তবুও ভিক্ষা করা পছন্দ করেন না তিনি।

