তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শাওন হত্যা মামলায় সেই এসআই কনক কারাগারে

খবর নারায়ণগঞ্জ.কম :
নারায়ণগঞ্জে যুবদল কর্মী শাওন কে গুলি করে হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া গোয়েন্দা পুলিশের সাবেক উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান কনককে কারাগারে পাঠিয়েছে আদালত।
 
শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাফিয়া শারমিনের আদালত তাকে এই নির্দেশনা দেওয়া হয়।  এর আগে, আদালতে সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। আগামী সোমবার শুনানির দিন ধার্য করেন আদালত। 
 
এর আগে, গত বৃহস্পতিবার রাতে শাওন হত্যা মামলার ১৬ নম্বর আসামি মাহফুজুর রহমান কনক ওরফে মাহফুজুল হককে ঢাকা এয়ারপোর্টের ১৩ এপিবিএন থেকে গ্রেপ্তার করা হয়।
 
বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, কনককে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। পরে আদালত আগামী সোমবার রিমান্ড শুনানির তারিখ নির্ধারণ করে এবং আসামি কনককে কারাগারে পাঠানো হয়েছে।
 
প্রসঙ্গত, ২০২২ সালের ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা ও মহানগর বিএনপির মিছিলে পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালীন সময়ে তৎকালীন ডিবি পুলিশের উপ-পরিদর্শক মাহফুজুর রহমান কনকের হাতে থাকা ‘চাইনিজ রাইফেল’ থেকে ছোড়া গুলি যুবদল কর্মী শাওনের শরীরে বিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। 
 
পরে ওই বছরের ২ সেপ্টেম্বর সদর মডেল থানায় বিএনপির পাঁচ হাজার অজ্ঞাত নেতাকর্মীকে আসামি করে নিহতের ভাই মিলন মামলা করেছিলেন। সেই মামলা প্রসঙ্গে মিলন দাবি করেছিলেন, ‘এই মামলার বিষয়ে তিনি বা তার পরিবারের কেউ কিছু জানে না। পুলিশ তাদের কাছে একটি সাদা কাগজে সই নিয়েছে।’


এ ঘটনার দুই বছর পর ২০২৪ সালের ২১ অক্টোবর শাওনের বড় ভাই মো. মিলন বাদী হয়ে মামলা করেন। মামলায় তৎকালীন জেলা প্রশাসক, পুলিশ সুপার, এস আই কনক সহ সাবেক পাঁচ সংসদ সদস্যসহ ৫২ জনকে আসামি করা হয়।

Related Articles

Back to top button