নারায়ণগঞ্জে প্রধানমন্ত্রীর শেষ নির্বাচনী জনসভা,উৎসবের আমেজ
খবর নারায়ণগঞ্জ.কম: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আওয়ামী লীগের সবশেষ নির্বাচনী জনসভা হতে যাচ্ছে নারায়ণগঞ্জ শহরে। এ জনসভাকে কেন্দ্র করে দীর্ঘ প্রায় ১৫ বছর পর নারায়ণগঞ্জ শহরে আসছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুর আড়াইটায় শহরের মাসদাইর এলাকায় শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে উপস্থিত থাকবেন তিনি।
নারায়ণগঞ্জ শহরে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সাজ সাজ রব বিরাজ করছে। চলছে প্রধানমন্ত্রীকে বরণের আয়োজন। সমাবেশস্থলের আশপাশ এলাকা ছেয়ে গেছে ব্যানার-ফেস্টুনে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে শনিবার (৩০ ডিসেম্বর) ফতুল্লায় নম পার্কে প্রস্তুতি সভা করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও নৌকার প্রার্থী শামীম ওসমান। ওইদিন সমাবেশে প্রায় আড়াই লাখ লোকের সমাগম হবে বলে জানিয়েছিলেন তিনি।
এরআগে ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ওসমানী পৌর স্টেডিয়ামে এক নির্বাচনী জনসভায় নারায়ণগঞ্জ শহরে এসেছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। নির্বাচনের মাত্র ছয়দিন আগে জেলার পাঁটি নির্বাচনী আসনের মহাজোট প্রার্থীদের নিয়ে জনসভায় ভাষণ দিয়েছিলেন। এরমধ্যে বিভিন্ন সময় নারায়ণগঞ্জে আসা হলেও শহরে প্রবেশ করা হয়নি শেখ হাসিনার।
