রাস্তায় আঘাত আসলে তার প্রতিঘাত ফেরত দিতে প্রস্তুতি নিয়ে যাবেন – আব্দুল্লাহ আল নোমান
খবর নারায়ণগঞ্জ.কম :
১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশ সফল করতে রাস্তায় যদি কোন আঘাত আসে তার প্রতিঘাত ফেরত দেওয়ার লক্ষে প্রস্তুত হয়ে সমাবেশে যাওয়ার আহ্বান জানান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।
শনিবার (১২ নভেম্বর) সকালে নগরীর হোসিয়ারী সমিতির ভবনে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত ১০ ডিসেম্বর গণ সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, মহাসমাবেশে দেখিয়ে দিয়েছে জনগণ আমাদের সাথে এগিয়ে গিয়েছে। আন্দোলন এগিয়ে যাবে এবং চলমান হবে। চলমান আন্দোলনে আমরা চলতে থাকবো এবং তারা এখানে আমাদের কৃতিত্বের চেয়ে জনগণের কৃতিত্ব বেশি। আপনারা সম্পৃক্তত হয়েছেন বলে লাঠিসোটা, ইট পাটকেল ও গুলি কোনটায় কাজে আসে নাই। আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে এ সরকারের পতন হবে ইনশাআল্লাহ।
নারায়ণগঞ্জ জেলা বিএনপি আয়োজনে ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশ সফল করতে প্রস্তুতি সভায় জেলা বিএনপির আহবায়ক মনিরুল ইসলাম রবির সভাপতিত্বে ও সদস্য সচিব মামুন মাহমুদের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য কাজী মনির, সাবেক এমপি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন, নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু সহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।


