দেশে পুষ্টির অভাবে হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শিশু মারা যাচ্ছে – সরদার সাখাওয়াত হোসেন


Jahid প্রকাশের সময় : সেপ্টেম্বর ১২, ২০২৬, ৯:৩৫ অপরাহ্ন / ০ Views
দেশে পুষ্টির অভাবে হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শিশু মারা যাচ্ছে – সরদার সাখাওয়াত হোসেন

খবর.নারায়ণগঞ্জ.কম: স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিতকরণের অঙ্গীকার করেছেন। সেই লক্ষে সরকার কাজ করে যাচ্ছে। দেশে পুষ্টির অভাবে হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শিশু মারা যাচ্ছে। বিগত সরকার কোনো ভ্যাকসিন রেখে যায়নি। এ কারণে আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। এ সরকার ক্ষমতায় আসার পর ২ কোটি শিশুকে হামের টিকা দেয়া হয়েছে।

আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। যেসকল শিশুর বয়স ৬ বছরের মধ্যে, তাদের সবাইকে বাড়ি থেকে এনে ভ্যাকসিন দেয়ার জন্য নেতাকর্মীদের অনুরোধ করেন।

মন্ত্রী আরো বলেন, ‘বর্তমানে এ দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেক বেশি। ডেঙ্গু প্রতিরোধে আজকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন। ডেঙ্গু মোকাবিলায় প্রত্যেকের বাড়ির আঙিনা, টবের পানি, টায়ারে জমা পানি পরিষ্কার করতে সকলকে অনুরোধ করেন।’

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে রূপগঞ্জের পাড়াগাঁও ঈদগাহ মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে রূপগঞ্জ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আলোচনা সভায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, ‘১৯৭১ সালে এ দেশের মানুষ যেভাবে পাকিস্তানি পরাশক্তিকে প্রতিরোধ করে দেশ স্বাধীন করেছেন, ২০২৪ সালে যেভাবে স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছিলেন; সেভাবে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যেতে হবে।’

প্রয়োজনে ডেঙ্গুর বিরুদ্ধে সবাইকে যুদ্ধ ঘোষণার আহ্বান জানান তিনি।

এ সময় তিনি মুক্তিযোদ্ধাদের মাঝে ফ্রি মেডিক্যাল হেলথ কার্ড বিতরণ করেন। পরে তিনি পাড়াগাঁও ঈদগাহ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য আশরাফুদ্দিন বকুল, নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, সহসভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, সৌদি আরব যুবদলের সভাপতি মোফাজ্জল হোসেন স্বপন প্রমুখ।