
খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জ চাষাড়া মিশনপাড়া ১২নং ওয়ার্ডে দীর্ঘদিন ধরে যত্রতত্র ফেলা ময়লা-আবর্জনা ও সেখান থেকে ছড়িয়ে পড়া তীব্র দুর্গন্ধে চরম অতিষ্ঠ হয়ে উঠেছেন মিশনপাড়া এলাকার বাসিন্দারা। সময়মতো সিটি কর্পোরেশন ময়লা অপসারণ না করা এবং নির্দিষ্ট ডাস্টবিন না থাকায় পুরো এলাকায় এক দমবন্ধ পরিবেশের সৃষ্টি হয়েছে, যা প্রতিদিনের সাধারণ জীবনযাত্রাকে ব্যাহত করছে।
এলাকাবাসীর অভিযোগ, মিশনপাড়া জামে মসজিদ সড়ক ও আবাসিক গলির মোড়ে প্রতিদিন জমানো হচ্ছে গৃহস্থালি বর্জ্য। দীর্ঘদিন ধরে রোদ-বৃষ্টিতে এসব বর্জ্য পচে গিয়ে চারপাশের বাতাস বিষাক্ত করে তুলছে। দুর্গন্ধের কারণে রাস্তা দিয়ে চলাফেরা করাই কঠিন হয়ে পড়েছে। স্থানীয় অনেকে জানান, বর্জ্যের পঁচা গন্ধের কারণে মসজিদে নামাজ পড়তে কষ্ট হয়। বাসা বাড়ি ও রাস্তা দিয়ে হাঁটার সময় দুর্গন্ধে মুখ চেপে হাঁটতে হয়।
বর্জ্য জমে থাকার কারণে এলাকায় মশা-মাছির উপদ্রব আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। ফলে মিশনপাড়ার ছোট শিশু ও বৃদ্ধদের মধ্যে ডায়রিয়া, ডেঙ্গু ও শ্বাসকষ্টজনিত নানা রোগের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। স্থানীয় অধিবাসীদের দাবি, সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে বহুবার জানানো সত্ত্বেও দৃশ্যমান কোনো দীর্ঘমেয়াদী সমাধান পাওয়া যায়নি।
এবিষয়ে এলাকার সন্তান জহির আহমেদ সোহেল বলেন, প্রধানমন্ত্রীর তারেক রহমান বলেছেন,প্রতিটি পাড়া মহল্লায় খেলার মাঠ তৈরি করার। তার কথার ভিত্তিতেই বলছি সিটি কর্পোরেশন যদি এখানকার ময়লাগুলো বেকু দিয়ে সরিয়ে দেন তাহলে আমি বালু ফেলে খেলার জন্য মাঠ করে দিব।
তাই মিশনপাড়াবাসী অতি দ্রুত এই দুর্গন্ধময় পরিবেশ থেকে মুক্তি চান। সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খানের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
আপনার মতামত লিখুন :