মাদক ও কিশোর গ্যাং সমাজের ভয়াবহ ব্যাধি: ফতুল্লায় মাওলানা আবদুল জব্বার


Jahid প্রকাশের সময় : অগাস্ট ১৪, ২০২৬, ১০:১৩ অপরাহ্ন /
মাদক ও কিশোর গ্যাং সমাজের ভয়াবহ ব্যাধি: ফতুল্লায় মাওলানা আবদুল জব্বার

খবর নারায়ণগঞ্জ.কম: বর্তমান সমাজে ‘মাদক ও কিশোর গ্যাং’ এক ভয়াবহ সামাজিক ব্যাধি হিসেবে আত্মপ্রকাশ করেছে উল্লেখ করে এসবের বিরুদ্ধে অভিভাবক ও সমাজের দায়িত্বশীল সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার।

​শুক্রবার (১৪ আগস্ট) জুমার নামাজের পূর্বে ফতুল্লার কায়েমপুর পুরাতন জামে মসজিদে অনুষ্ঠিত সংক্ষিপ্ত এক আলোচনায় মুসল্লিদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

​আলোচনায় কেন্দ্রীয় কর্মপরিষদ ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর বলেন, “আমাদের উদীয়মান তরুণ ও যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে মাদক, মাদকের নীল ছোবল। পাড়া-মহল্লায় অপসংস্কৃতি, মাদকাসক্তি এবং কিশোরদের অপরাধমূলক তৎপরতা সামাজিক শান্তি ও নিরাপত্তাকে মারাত্মকভাবে বিঘ্নিত করছে।”

​তিনি আরও বলেন, “কেবল আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে এই ব্যাধি নির্মূল করা সম্ভব নয়। তরুণদের অপরাধ থেকে দূরে রাখতে পরিবার ও সমাজকে মূল ভূমিকা পালন করতে হবে। সন্তানরা কোথায় যায়, কার সঙ্গে মেলামেশা করে—সে বিষয়ে অভিভাবকদের সবসময় সজাগ দৃষ্টি রাখা প্রয়োজন।”

​নৈতিক মূল্যবোধের চর্চা বাড়ানোর তাগিদ দিয়ে তিনি বলেন, “কিশোরদের সঠিক পথে রাখতে ধর্মীয় ও নৈতিক শিক্ষার বিকল্প নেই। নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে কিশোর-যুবকরা যেন সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখতে পারে, সেই পরিবেশ আমাদেরই তৈরি করতে হবে।”

এসময় ​ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদের ইমামসহ বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।