দেওভোগে শিশুদের বিনোদনকেন্দ্র ‘বেবি ল্যান্ড’ পার্কের উদ্বোধন


Jahid প্রকাশের সময় : নভেম্বর ৫, ২০২৬, ৯:৫৫ অপরাহ্ন / ০ Views
দেওভোগে শিশুদের বিনোদনকেন্দ্র ‘বেবি ল্যান্ড’ পার্কের উদ্বোধন

খবর নারায়ণগঞ্জ.কম:
দেওভোগ এলাকায় শিশুদের চিত্তবিনোদনের জন্য চালু হয়েছে ‘বেবি ল্যান্ড এডভেঞ্চার জোন’ পার্ক। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ৩টায় শিশুদের সাথে নিয়ে রাইডে চড়া এবং বেলুন উড়িয়ে নতুন এই বিনোদনকেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মহানগর বিএনপি নেতা ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পার্কটির অন্যতম উদ্যোক্তা ও বিএনপি নেতা দিদার খন্দকার, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন ও মনোয়ার হোসেন শোখনসহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ এবং অতিথিরা। উদ্বোধন উপলক্ষে সেখানে বিশেষ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

শিশুদের পড়াশোনার পাশাপাশি সুস্থ বিনোদন প্রদান, মানসিক বিকাশ সাধন এবং তাদের মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখার লক্ষ্য নিয়েই এই পার্কটি প্রতিষ্ঠা করা হয়েছে। উদ্যোক্তা দিদার খন্দকার জানান, কয়েকজন বন্ধু মিলে তারা এই ক্ষুদ্র প্রয়াসটি শুরু করেছেন। শিশুদের আনন্দে রাখা এবং তাদের সঠিক মানসিক বিকাশের সুযোগ তৈরি করে দিতে তিনি অভিভাবকদের সন্তানদের নিয়ে পার্কে আসার আহ্বান জানান। আয়োজকদের প্রত্যাশা, এই শিশুবান্ধব পরিবেশ শিশুদের শারীরিক ও মানসিক গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, ‘বেবী ল্যান্ড এডভেঞ্চার জোন’ প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। তবে প্রতি শুক্রবার এটি সারাদিন উন্মুক্ত রাখা হবে। নারায়ণগঞ্জে নতুন এই পার্কটি চালুর ফলে স্থানীয় শিশুদের অবসর সময় কাটানো ও পারিবারিক বিনোদনের জন্য আরেকটি সুনির্দিষ্ট স্থান তৈরি হলো।