সাইনবোর্ড মহাসড়কে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল


Jahid প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৮, ২০২৬, ৬:৩৯ অপরাহ্ন / ০ Views
সাইনবোর্ড মহাসড়কে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল
খবর নারায়ণগঞ্জ.কম:
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ ও ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটুর নির্দেশে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভুইগড় থেকে সাইনবোর্ড এলাকা পর্যন্ত এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। থানা শিল্পাঞ্চল শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার ও সাধারণ সম্পাদক বাবুল আহমেদের নেতৃত্বে আয়োজিত এ মিছিলে কয়েক হাজার শ্রমিক দল নেতাকর্মী অংশ নেন।
​মাদকের কড়াল গ্রাস, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি এবং নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে এ বিক্ষোভ প্রদর্শন করা হয়। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল চারটায় ভুইগড় থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগস্থল সাইনবোর্ডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
​সমাবেশে সভাপতির বক্তব্যে থানা শিল্পাঞ্চল শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার বলেন, “নারায়ণগঞ্জের পবিত্র মাটিতে কোনো মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ বা সন্ত্রাসীর স্থান হবে না।
 সাধারণ জনগণ ও শ্রমিকদের শান্তিতে রাখতে আমরা রাজপথে নেমেছি। জেলা বিএনপি ও ফতুল্লা থানা বিএনপির শীর্ষ নেতাদের নির্দেশে আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই—ফতুল্লা ও শিল্পাঞ্চল এলাকায় কেউ যদি সাধারণ মানুষের রক্তচুষে খাওয়ার চেষ্টা করে কিংবা চাঁদাবাজির সিন্ডিকেট গড়ে তোলে, তবে শ্রমিক দলকে সাথে নিয়ে তা কঠোর হস্তে দমন করা হবে।”
​তিনি আরও বলেন, “নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের দোসররা যারা এখনও নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের মাধ্যমে এলাকা অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে, তাদের হুশিয়ার করে দিচ্ছি—রাজপথে শ্রমিক দল প্রস্তুত আছে। জনগণের জানমালের নিরাপত্তায় আমরা জীবন দিতেও কুণ্ঠাবোধ করব না।”
​সমাবেশে সাধারণ সম্পাদক বাবুল আহমেদ তার বক্তব্যে বলেন, “আমরা শান্তিময় ও বৈষম্যহীন এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। এই শিল্পাঞ্চলে শ্রমিকরা রক্ত পানি করে উপার্জন করে, কোনো চাঁদাবাজ বা সন্ত্রাসীকে তাদের কষ্টার্জিত টাকায় ভাগ বসাতে দেওয়া হবে না। অধ্যাপক মামুন মাহমুদ ও শহীদুল ইসলাম টিটু ভাইয়ের নির্দেশে শিল্পাঞ্চল শ্রমিক দল সবসময় রাজপথে পাহাদার হিসেবে কাজ করবে।”
​আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানিয়ে বাবুল আহমেদ আরও বলেন, “বিগত ১৫ বছরের শাসননামায় যারা জুলুম-নির্যাতন চালিয়েছে, তারা যদি আবারও কোনো প্রকার বিশৃঙ্খলা বা আগুন সন্ত্রাসের চেষ্টা করে, তবে ফতুল্লার রাজপথেই তাদের কড়া জবাব দেওয়া হবে। মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে আমাদের এই আন্দোলন রাজপথে অব্যাহত থাকবে।”
​বিক্ষোভ মিছিলে শিল্পাঞ্চল শ্রমিক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও সাধারণ শ্রমিকরা ব্যানার, ফেস্টুন নিয়ে অংশ নেন এবং নানা ধরনের প্রতিবাদের শ্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।