ফতুল্লা প্রতিনিধি:
নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে ব্যবসার জের ধরে এক ব্যবসায়ীর ভ্যানচালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম এবং পিস্তল উঁচিয়ে গুলি ছুড়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মো: সোহাগ গাজী (হযরত গাজী) ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ফতুল্লার উত্তর রসুলপুর এলাকার ‘গাজী এন্টারপ্রাইজ’-এর মালিক মো: সোহাগ গাজীর সাথে স্থানীয় ইব্রাহিম (৪০), হৃদয় (৩২) সহ অজ্ঞাতনামা ১০/১২ জনের পূর্ব শত্রুতা ও বিরোধ চলছিল। এরই জের ধরে বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে ব্যবসায়ীর ভ্যানচালক মো: ইমন (২২) কদমতলী এলাকার ‘নিজুম আয়রন’ থেকে ১০,০০০ টাকা মূল্যের ২০ বস্তা সিমেন্ট নিয়ে দোকানে ফেরার পথে পশ্চিম রসুলপুর বাজারপুল এলাকায় আসামিরা দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তার পথরোধ করে।
আসামিরা সিমেন্ট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ও ভয়ভীতি দেখালে খবর পেয়ে দোকানের স্বাধিকারী সোহাগ গাজী, ম্যানেজার লিমন (২৬) ও কর্মচারী সেন্টু (২৬) ঘটনাস্থলে পৌঁছান। ভুক্তভোগীরা ঘটনার প্রতিবাদ জানালে আসামিরা তাদেরকে গালিগালাজ করে। একপর্যায়ে ২ নং আসামি হৃদয় ক্ষিপ্ত হয়ে ভ্যানচালক ইমনকে কিল-ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে এবং হত্যার উদ্দেশ্যে ধারালো সুইচ গিয়ার চাকু দিয়ে তার ঘাড়ে স্বজোড়ে কোপ মেরে গুরুতর রক্তাক্ত জখম করে।
ঘটনাস্থলে ভুক্তভোগীরা ভ্যানচালককে রক্ষা করতে গেলে ১ নং আসামি ইব্রাহিম তাদের হত্যার উদ্দেশ্যে পিস্তল দিয়ে গুলি চালায়, যা থেকে তারা ভাগ্যক্রমে বেঁচে যান। পরবর্তীতে আসামিরা বিষয়টি নিয়ে থানা-পুলিশ করলে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহত ভ্যানচালকসহ ভুক্তভোগীদের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে চিকিৎসা প্রদান করা হয়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :