আইনজীবী ফোরামের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী অনুষ্ঠান না করার ষড়যন্ত্রের নোটিস দিলো আইনজীবী সমিতি

খবর নারায়ণগঞ্জ.কম : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নির্ধারিত অনুষ্ঠান আয়োজনের আগেই ‘কৌশলগতভাবে বাধা’ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সমিতির জারি করা ‘জরুরি নোটিশ’কে কেন্দ্র করে আদালতপাড়ায় উত্তেজনা দেখা দিয়েছে।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সর্বসম্মত সিদ্ধান্তের বরাত দিয়ে সোমবার সমিতির প্যাডে একটি জরুরি নোটিশ জারি করা হয়। তাতে বলা হয়, সভাপতি ও সাধারণ সম্পাদকের পূর্বানুমতি ছাড়া বার ভবনের অভ্যন্তরে কিংবা প্রধান ফটকের সামনে কোনো ধরনের সভা, সেমিনার, মানবন্ধন, প্রতিবাদ সমাবেশ আয়োজন করা যাবে না। পাশাপাশি কোনো ব্যানার-ফেস্টুনও প্রদর্শন করা যাবে না।
ফোরামের অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত এই নোটিশকে শহীদ জিয়ার স্মরণসভা বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছেন বিএনপিপন্থী আইনজীবীরা। নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জাকারিয়া জাকির বলেন, “প্রতি বছর আমরা শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করে আসছি। এবার কর্মসূচির ঠিক আগ মুহূর্তে অনুমতির শর্ত জুড়ে দিয়ে কার্যত অনুষ্ঠান বন্ধের পাঁয়তারা করা হচ্ছে। এটি সুস্পষ্ট রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট আ. গাফফার ক্ষোভ প্রকাশ করে বলেন, “বার ভবন আইনজীবীদের মিলনকেন্দ্র। এখানে কোনো রাজনৈতিক নেতার স্মরণসভা করতে গেলে যদি বারবার অনুমতির বেড়াজালে আটকানো হয়, তাহলে তা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। আমরা এই বৈষম্যমূলক সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাই।
বার অ্যাসোসিয়েশনের ব্যাখ্যা মেলেনি নোটিশ জারির কারণ ও শহীদ জিয়ার অনুষ্ঠানের সঙ্গে এর সম্পর্ক আছে কি না, সে বিষয়ে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের বক্তব্য পাওয়া যায়নি। আদালত প্রাঙ্গণের শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে পূর্বে এ ধরনের নির্দেশনা দেওয়ার নজির থাকলেও, নির্দিষ্ট কোনো রাজনৈতিক কর্মসূচির আগে এভাবে নোটিশ জারির ঘটনা এবারই প্রথম বলে জানিয়েছেন একাধিক সিনিয়র আইনজীবী।
আইনজীবী সমাজের একাংশ মনে করছেন, বার নির্বাচনকে সামনে রেখে পেশাজীবী সংগঠনগুলোর মধ্যে চলমান বিভক্তির বহিঃপ্রকাশ ঘটেছে এই নোটিশের মাধ্যমে। এতে আদালতপাড়ার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।


