তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

আমরা কোন অন্যায়ের পথে নয় বরং শতভাগ সত্যের পথে চলবো – এমপি আজাদ

খবর নারায়ণগঞ্জ.কম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ মে) রাত ৯টায় চাষাড়া জিয়া হল প্রাঙ্গনে মহানগর যুবদলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।
প্রধান অতিথি সাংসদ নজরুল ইসলাম আজাদ তার বক্তব্যে বলেন, আমরা এমন একজন মানুষকে উপলক্ষ্য করে দাঁড়িয়েছি যিনি এ দেশকে অনেক কিছু দিয়েছেন। তিনি দেশের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প গ্রহন করেছিলেন। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাজিব চামড়া শিল্পের উন্নয়নের কথা বলেছেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলেই চামড়া শিল্পের উন্নয়ন হয়েছে। কৃষিখাতের উন্নয়নের জন্য তিনি কাজ করেছেন এবং ঐসময় গার্মেন্টস শিল্পের সূচনা হয়েছিলো।
তিনি আরও বলেন, আমরা শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সৈনিক। আমাদেরকে ঈমানের সহিত পথ চলতে হবে। সত্যের পথে চলতে হবে। আমরা কোন অন্যায়ের পথে নয় বরং শতভাগ সত্যের পথে চলবো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া যে আদর্শ রেখেগেছেন সে পথে চলাই হবে আমাদের জীবনে লক্ষ্য।
প্রধান বক্তা এড. টিপু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন ক্ষনজন্মা মানুষ। তিনি অখ্যাত একজন মেজর হয়েও দেশের স্বাধীনতা রক্ষায় নিজের পরিবারের কথা চিন্তা না করে যুদ্ধ ঘোষনা করেছিলেন। দেশের উন্নয়নই ছিলো তার একমাত্র লক্ষ্য। আজ তিনি আমাদের মাঝে নেই কিন্তু তার আদর্শ ও নৈতিকতা আমাদের মাঝে রয়ে গেছে। সেই আদর্শকে বুকে ধারন করেই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
বক্তব্য শেষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় ও উপস্থিত সকলের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।
মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোঃ রেজা রিপন, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, মহানগর যুবদলের রিয়াদ, সোহাগ রহমান প্রমুখ নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button