পদত্যাগ পত্র প্রত্যাহারে ১১ জনকে ২৪ ঘন্টার আল্টিমেটাম, ত্যাগী কর্মীদের ফিরিয়ে আনা হবে – এড. সাখাওয়াত
খবর নারায়ণগঞ্জ.কম :
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নবগঠিত আহবায়ক
কমিটির প্রথম কার্যকরী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে শহরের ড্রিঙ্ক এন্ড ডাইন চাইনিজ রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয় ।
সভায় সংগঠনের আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মহানগর বিএনপি থেকে পদত্যাগ করা ১৪ জন নেতার মধ্যে ১১ জনকে পদত্যাগ পত্র প্রত্যাহার করে কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে দেয়া অশালীন বক্তব্যের ক্ষমা প্রার্থনার জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয়া হয়। এ সময়ের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চাইলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও কোন ভাইয়ের রাজনীতি বা গ্রুপিং হবেনা। দলের যেসকল ত্যাগী ও নিবেদিত প্রান কর্মী এ কমিটিতে বাদ পড়েছে তাদেরকে ফিরিয়ে আনা হবে।
এছাড়াও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে তৈমুর আলম খন্দকারকে বহিষ্কার করা হলেও সে এই কমিটির বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করে চলেছে। সকল বাঁধা বিপত্তি উপেক্ষা করে আমরা একটি শক্তিশালী কমিটি গঠন করতে চাই। রুদ্ধতার সভা শেষে সাংবাদিকদের দেয়া ব্রিফিংয়ে এসব কথা জানান সংগঠনের আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।
এছাড়াও তিন সিনিয়র নেতার পদত্যাগ পত্র প্রত্যাহার গ্রহণ করা হবে না এবং তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন তারা। সেই সাথে মহানগর বিএনপিকে একটি সুশৃংখল সংগঠনে পরিণত করে আগামী দিনে আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। সেজন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন তারা।
সভায় আরো উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক এড. সরকার হুমায়ুন কবির, মনির হোসেন খান, ফতেহ রেজা রিপন, আনোয়ার হোসেন আনু ও এমএইচ মামুন।কার্যকরি সদস্য এড. রফিক আহমেদ, রাশিদা জামাল, এড. এইচএম আনোয়ার প্রধান, হাবিবুর রহমান দুলাল, ডাঃ মুজিবুর রহমান, ফারুক আহমেদ রিপন, কামরুল ইসলাম চুন্নু, ফারুক হোসেন, মাকিদ মোস্তাকিম শিপলু, মাহমুদুর রহমান, হাবিবুর রহমান মিঠু, বরকতউল্লাহ, হাসান, হুমায়ুন কবির, মাসুদ রানা ও শাহিন আহমেদ।


