তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

নারী ও কন্যার প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ 

বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, পরিবার এবং গণপরিসরে নারী ও কন্যার প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের  প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার ১৯ মে বিকাল ৫টায় নারায়ণগঞ্জ জেলার মেট্রো হল সংলগ্ন প্রধান সড়কে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং নারায়ণগঞ্জ জেলা সভাপতি রীনা আহমেদ।
বক্তব্য প্রদান করেন- জেলার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি আনজুমান আরা আকসির, সহ-সভাপতি প্রীতিকণা দাস, আন্দোলন সম্পাদক সাহানারা বেগম, শিক্ষক ফাল্গুনী দাস, পরিচালনা করা সাধারণ সম্পাদক রহিমা খাতুন।
সভায় বক্তারা বলেন- দূর্বৃত্তরা যা খুশী, তাই করছে। সরকার ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর তেমন তৎপরতা লক্ষ্য করা যায় না। ফলে নরপশুরা আরো বেপরোয়া হয়ে উঠেছে। তাদের টার্গেটে পরিণত হয়েছে কন্যা শিশু ও নারীরা।  এছাড়াও উগ্র মৌলবাদীদের ধর্ম নিয়ে বাড়াবাড়ির সুযোগে নরপশুরা সারাদেশে কন্যা শিশুদের টার্গেট করে নোংরা খেলায় মেতেছে। সাম্প্রতিক সময়ে নেত্রকোনার মাদ্রাসা শিক্ষক দ্বারা ১১ বছরের ছাত্রী ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হয়েছে, এটা কি সহ্য করা যায়? পাবনায় ৭ বছরের কন্যা শিশু ধর্ষণ, পাবনায় দাদীকে হত্যা করে কিশোরীকে অপহরণের পর ধর্ষণ ও হত্যাসহ  নানা রকম সহিংসতার ঘটনা ঘটেছে। নরসিংদী ও ভোলায় কিশোরী ও গৃহবধূ দলগত ধর্ষণের শিকার, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রী ধর্ষণের চেষ্টা এরকম হাজারো ঘটনা। সামাজিক অবক্ষয় ও আইনের শাসন নেই বলেই এই অবস্থার সৃষ্টি হয়েছে। পুরুষ শ্রেণীর মধ্যে এত এত বিকৃত রুচির কাপুরুষেরা সারা দেশে ছড়িয়ে পড়েছে। পুরুষ সমাজের উচিত এই কুলাঙ্গারদের প্রতিরোধ করা। বিচারহীনতার এই অপসংস্কৃতি বন্ধ না হলে  অপরাধ প্রবণতা বাড়তেই থাকবে। ঘরে-বাইরে নারী ও কন্যা শিশুরা হত্যা, ধর্ষণ, নির্যাতনের শিকার হচ্ছে। নিরাপত্তাহীনতায় ভুগছে।
বক্তারা আরও বলেন, দ্রুততম সময়ে নারী ও শিশু ধর্ষণ, হত্যা, নির্যাতন ও সহিংসতা বন্ধ, নারী অধিকার প্রতিষ্ঠা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যেখানেই নির্যাতন, ধর্ষণ, হত্যা সেখানেই নারী-পুরুষ নির্বিশেষে সকলকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। সর্বোপরি দেশে দ্রুত আইনের শাসন ব্যবস্থা চালু করতে হবে। নারী ও পুরুষ নয়, মানুষ হিসেবে একে অপরকে সম্মান করতে হবে। রাষ্ট্রীয়ভাবে এ পদক্ষেপ গ্রহণ করতে হবে। তা না হলে দেশ চরম অন্ধকারে তলিয়ে যাবে।
মানববন্ধনে জেলা ও পাড়া কমিটির অর্ধ শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।

Related Articles

Back to top button