অনিয়ন্ত্রিত হয়ে গেলে প্রতিযোগিতা থাকেনা স্বার্থ সংশ্লিষ্টতা চলে আসে – এমপি কালাম

খবর নারায়ণগঞ্জ.কম :
অনলাইন পোর্টাল নিউজ আলোর উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) বিকেলে আলী আহাম্মদ চুনকা পাঠাগারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নিউজ আলোর বার্তা সম্পাদক মোক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এড. আবুল কালাম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যদি কোন জিনিসকে সৃষ্টিশীল করতে চান তাহলে তার নির্দিষ্ট অবয়ব থাকতে হয়। কিন্তু যখন এটা অনিয়ন্ত্রিত হয়ে যায় তখন আর প্রতিযোগিতা থাকেনা সেখানে স্বার্থ সংশ্লিষ্টতা চলে আসে। এখানে আর নিয়ন্ত্রন নেই। সম্পাদকবৃন্দের প্রতি আহ্বান থাকবে কাউকে নিযুক্ত করলে তার প্রতি সঠিক মূল্যায়ন করুন। নিউজ আলো শুধু আলোতেই থাকবেনা আলোর বিস্মরণ ঘটাতে হবে, সত্য এবং ন্যায়ের। যেটার দ্বায়িত্ব শুধুমাত্র আপনাদের। আপনাদের নিয়ে খুব শিঘ্রই আমরা বসবো। আইনশৃঙ্খলার ব্যাপারে তিনি বলেন, যেহেতু নারায়ণগঞ্জ একটি শিল্পাঞ্চল। এখানে বহিরাগত মানুষের সংখ্যা বেশী। কিন্তু আমাদের দ্বায়িত্ব বেশী। বর্তমানে যে পরিবেশ প্রশাসনে বিরাজ করছে সেটা ঠিক করতে কিছুদিন সময় লাগবে। প্রতিটি এলাকার মানুষ জানে কে মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, ছিনতাইকারী। কিন্তু তথ্য কেউ দেয় না কারন সবাই নিরাপত্তা চায়। তাই বলবো সকলকে নিজের অবস্থান থেকে সমাজের জন্য এগিয়ে আসতে হবে।
আহমেদ শরীফ পারভেজের সঞ্চালনায় এসময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।
নিউজ আলোর ভারপ্রাপ্ত সম্পাদক শাহ আলম মোল্লার সম্পাদনায়,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি হাবিবুর রহমান শ্যামল, সাধারণ সম্পাদক এনামুল হক সিদ্দিকী, ইব্রাহিম খলিল, জহিরুল ইসলাম বিদ্যুৎ, মশিউর রহমান প্রমুখ।


