তাজা খবরথানার সংবাদশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসোনারগাঁ থানা

ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৩ ড্রাম জ্বালানি তেল জব্দ

সোনারগাঁ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অধিক লাভের আশায় অবৈধভাবে মজুত করা প্রায় ২৬০০ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় চট্টগ্রাম হতে ঢাকা যাওয়ার পথে সোনারগাঁ থানা পুলিশের সহযোগিতায় এই তেল উদ্ধার করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের নির্দেশে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমানের  নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
জানা যায়,  তেলের বৈশ্বিক সংকটের সুযোগ নিয়ে অবৈধভাবে সংগ্রহ ও মজুত করে ১৩টি ড্রাম ভর্তি ডিজেল ঢাকা মেট্রো-ন-২০-৭০৯৬ পিক আপ যোগে চট্টগ্রাম হতে ঢাকা পাচারকালে আটক করা হয়।
পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান অবৈধ মজুত ও অধিক দামে বিক্রির অপরাধে প্রতিষ্ঠানের মালিক শাকিলকে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৭(২) ধারা বিধানমতে দোষী সাব্যাস্ত করে পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ৪(ক) ধারায় ১০ হাজার টাকা অনাদায়ে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
জব্দকৃত তেল সরকারি নির্ধারিত মূল্যে নিলামে বিক্রি করে, নিলামের সমস্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় অভিযুক্ত শাকিলকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান অনাদায়ে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান এবং বাজার মনিটরিং কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এসময় সোনারগাঁ থানা পুলিশ, পিরোজপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, ইউপি সদস্য রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button