শ্রমিকদের আগুনে পুড়িয়ে শিল্পের উন্নয়ন হয় না – মাহাবুবুর রহমান ইসমাঈল

খবর নারায়ণগঞ্জ.কম :
সাভারের রানা প্লাজা ধ্বসের ১৩ বছর পূর্ণ হলেও এখনো শেষ হয়নি ১১৩৯ জন শ্রমিক হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং কর্মস্থলে শ্রমিকের জীবনের নিরাপত্তার দাবিতে সমাবেশ কর্মসূচি পালন করেছে শ্রমিক কর্মচারী ঐক্য ফেডারেশন।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে চাষাড়া শহিদ মিনারে শ্রমিক কর্মচারী ঐক্য ফেডারেশন এ সমাবেশ কর্মসূচি পালন করে।
সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এক দশকের বেশি সময় পার হয়ে গেলেও রানা প্লাজা ট্র্যাজেডির মূল হোতাদের বিচার কাজ এখনো ঝুলে আছে। এটি দেশের বিচারহীনতার সংস্কৃতির এক চরম দৃষ্টান্ত। বক্তারা প্রশ্ন তোলেন, একজন শ্রমিকের জীবনের মূল্য রাষ্ট্রের কাছে কতটুকু ?
তারা অভিযোগ করেন, এখনো অনেক কারখানায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই, যার ফলে প্রতিনিয়ত শ্রমিকরা দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন। শ্রমিকদের আগুনে পুড়িয়ে শিল্পের উন্নয়ন হয় না। শিল্পের উন্নয়নের জন্য শ্রমিকের নিরাপত্তা ও জীবনের মূল্য দিতে হবে।
শ্রমিক কর্মচারী ঐক্য ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে জানানো হয়, অবিলম্বে দোষীদের বিচার নিশ্চিত করতে হবে এবং নিহত ও আহত শ্রমিক পরিবারের সদস্যদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করতে হবে। এছাড়া প্রতিটি শিল্প-কারখানায় আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানানো হয়। যেখানে কৃষকদের ফ্যামিলি কার্ড দেয়া হচ্ছে সেখানে শ্রমিকরা কি দোষ করেছে। শ্রমিদের জন্য রেশনের ব্যাবস্থা করতে হবে,এটা আমাদের তারেক রহমানের কাছে দাবী।
কর্মসূচি থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, যদি দ্রুত এই বিচার কার্যক্রম শেষ করা না হয় এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা না হয়, তবে আগামীতে সারা দেশের শ্রমিকদের নিয়ে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
শ্রমিক নেতা মাহবুব হোসেনের সভাপতিত্বে ও সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এড. মাহবুবুর রহমান ইসমাইল। আরো উপস্থিত ছিলেন, শ্রমিক নেতা আবু সুফিয়ান, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক নেতা মামুন, মোতালেব মনোয়ারার শ্রমিক নেত্রী সোনিয়া, মামুন চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
