তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

প্রচুর অটোরিক্সা বৃদ্ধি পাওয়ায় প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে – ডিসি জাহিদুল ইসলাম

খবর নারায়ণগঞ্জ.কম :
নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার সঙ্গে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এবং এ সমস্যা খুব দ্রুত সমাধানে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রবিবার (২৭ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃত্বে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা যানজট নিরসনে তাদের মতামত ব্যক্ত করেন।সভায় জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা বলেন, দেশের অর্থনীতিতে এ জেলার অবদান অনেক ভালো। এ জেলার ঐতিহ্য রয়েছে তাই এখানকার জীবনমান আরও উন্নত হওয়া উচিত। এখানে মানুষ রাস্তাঘাটে ময়লা ফেলে রাখে যার দরুন বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয়। বিভিন্ন শিল্পকারখানা থাকায় এখানে অনেক মানুষের বসবাস কিন্তু এটা খুবই ছোট একটি শহর। শহরে দীর্ঘদিন ধরে প্রচুর যানজটের সমস্যা রয়েছে। শহর ছোট হলেও যানবাহন খুব বেশি কিন্তু সেই তুলনায় সড়কের সংখ্যা কম। শহরে প্রচুর অটোরিক্সা বৃদ্ধি পাওয়ায় প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে। কারন শহরের প্রতিটি পয়েন্ট ছাড়াএ তারা বিভিন্ন স্থানে অটোরিক্সা দাঁড় করিয়ে রাখে। যার ফলে জ্যামের সৃষ্টি হয়। তাই এ সমস্যা কিভাবে উত্তরণ করা যায় আমরা তা নিয়ে কাজ করছি। নারায়ণগঞ্জ চেম্বারের প্রতি কৃতজ্ঞতা কারন পবিত্র মাহে রমজান মাসে যানজট নিরসনে তারা আমাদের সহযোগীতা করেছিলো। যানজট নিরসনে খুব দ্রুত সবাইকে নিয়ে একটা কমিটি গঠন করা হবে। কমিটির পরামর্শক্রমে বিভিন্ন কাজ বাস্তবায়ন করা হবে। তবে এ বিষয়ে নারায়ণগঞ্জবাসীকে সবার আগে সচেতন হতে হবে।
এসময় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ভূঁইয়া বলেন, শহরে যানজটের ফলে সাধারণ মানুষ, ব্যবসায়ীরা সময় মত তাদের কর্মস্থলে যেতে পারছেনা। শিক্ষার্থীরা সময় অনুযায়ী তাদের প্রতিষ্ঠানে যেতে পারছেনা।প্রতিটি শ্রেণির মানুষ প্রতিনিয়ত নানা দুর্ভোগের সম্মুখীন হয়ে তাদের দিন পার করছে। নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ প্রায় প্রতিটি স্থানে এ সমস্যা বিরাজমান।
তিনি আরও বলেন, বিশেষ করে চাষাড়া মোড় থেকে চাঁনমাড়ি স্ট্যান্ড, ১ ও ২নং রেলগেট, পুলিশ লাইন্স, খানপুর রোড, কালিরবাজার, পঞ্চবটি মোড় ও শিবু মার্কেটেও যানজটের পরিস্থিতি ক্রমাগত ভয়াবহ আকার ধারণ করছে। চেম্বারের পক্ষ থেকে প্রস্তাব করছি শহরের যানজট প্রবণ পয়েন্টগুলোতে নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে দ্রুত কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তোলা, অবৈধ পার্কিং, অটো রিক্সা নিয়ন্ত্রণ এবং ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা ও গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক পুলিশ, সেচ্ছাসেবক সংখ্যা বৃদ্ধিসহ ডিজিটাল ট্রাফিক মনিটরিং চালু করা অত্যন্ত জরুরি।
মতবিনিময় সভায় বিকেএমইএ, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট এসোসিয়েশন, বাংলাদেশ ক্লথ মার্চেন্ট এসোসিয়েশন, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন, বাংলাদেশ নিট ডাইং ওনার্স এসোসিয়েশন, বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশন, বাংলাদেশ পাল্স এন্ড লেনটিল ক্রাশিং মিলস ওনার্স এসোসিয়েশন, বাংলাদেশ টেক্সটাইল ডাইস এন্ড কেমিক্যাল মার্চেন্টস এসোসিয়েশন, বাংলাদেশ গার্মেন্টস রি-সাইকেলিং কালার ফাইবার মার্চেন্ট এসোসিয়েশন এবং নারায়ণগঞ্জের স্থানীয় পর্যায়ের ৩৩টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button