ফতুল্লায় জুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

খবর নারায়ণগঞ্জ.কম: ফতুল্লায় একটি জুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গোডাউনে থাকা বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে পূর্ব লামাপাড়া এলাকার পিঠালীপুল এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, দুপুরের দিকে হঠাৎ করে গোডাউনটিতে আগুনের সূত্রপাত হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও ব্যর্থ হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মা-বাবা এন্টারপ্রাইজ নামের গোডাউনটি মো. রানা মিয়ার মালিকানাধীন।
আগুনে প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে তিনি দাবি করেছেন।
প্রত্যক্ষদর্শী আনোয়ার হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার সময় গোডাউনে থাকা জুট কাপড়, পলি, কাগজ ও ইনটেক ফেব্রিক্স দ্রুত দাহ্য হয়ে ওঠে, ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র অফিসার নুরুল আলম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
