তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

ঠিকাদারি কাজকে কেন্দ্র করে ব্যবসায়ীকে গালাগাল ও হুমকির অভিযোগ: যুবদল নেতা সাহেদকে শোকজ

খবর নারায়ণগঞ্জ.কম : ঠিকাদারি কাজকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে অশালীন ভাষায় গালাগাল ও হুমকি দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

সোমবার (১৩ জুলাই) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, জাতীয়তাবাদী যুবদল যখন বন্যাদুর্গত মানুষের সহায়তা, ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে ব্যস্ত, তখন সংগঠনের দায়িত্বশীল পদে থেকে সাহেদ আহমেদের এমন আচরণ সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। আদমজী ইপিজেড এলাকার এক ব্যবসায়ীকে অশালীন ভাষায় গালাগাল ও হুমকি দেওয়ার বিষয়টি কেন্দ্রীয় কমিটির নজরে এসেছে। এছাড়া ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

এ প্রেক্ষিতে সংগঠনের শৃঙ্খলা ও সুনাম ক্ষুণ্ন করার অভিযোগে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন-এর কাছে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল গণমাধ্যমকে বলেন, “সংগঠনের দায়িত্বশীল জায়গায় থেকে এ ধরনের আচরণ কাম্য নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব বিষয় ভাইরাল হলে সংগঠনের সুনাম ক্ষুণ্ন হয়। তাই তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। প্রকৃত ঘটনা আমার জানা নেই। তাকে ২৪ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।”

উল্লেখ্য, আদমজী ইপিজেডে একটি ঠিকাদারি কাজকে কেন্দ্র করে সানজিদা গ্রুপের প্রতিনিধি ফরহাদের সঙ্গে সাহেদ আহমেদের একটি হোয়াটসঅ্যাপ কলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাকে অশালীন ভাষা ব্যবহার করতে শোনা যায় বলে অভিযোগ ওঠে। ওই ঘটনার পরিপ্রেক্ষিতেই কেন্দ্রীয় যুবদল তার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে।

Related Articles

Back to top button