আসন্ন নির্বাচনে নারায়ণগঞ্জে মনোনয়ন প্রত্যাহার ৩ প্রার্থীর

খবর নারায়ণগঞ্জ.কম:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নারায়ণগঞ্জে
প্রার্থিতা যাচাই-বাছাই ও মনোনয়ন প্রত্যাহার প্রক্রিয়া শেষে স্পষ্ট হয়েছে ভোটের চূড়ান্ত চিত্র। জেলার পাঁচটি সংসদীয় আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন তিনজন প্রার্থী। ফলে এখন পাঁচ আসনে মোট ৪৭ জন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত নির্বাচন অফিসার রাকিবুজ্জামান রেনু বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, যাচাই-বাছাই শেষে তিনটি আসনে তিনজন প্রার্থী স্বেচ্ছায় মনোনয়ন প্রত্যাহার করেন। মনোনয়ন প্রত্যাহারকারীরা হলেন নারায়ণগঞ্জ-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের আব্দুল কাইয়ুম সিকদার, নারায়ণগঞ্জ-২ আসনে একই দলের মো. আব্দুল কালাম এবং নারায়ণগঞ্জ-৪ আসনে খেলাফত মজলিসের ইলিয়াস আহম্মেদ।
এদিকে মনোনয়ন প্রত্যাহারের পর প্রতিটি আসনে প্রার্থীদের সংখ্যায় তৈরি হয়েছে বহুমাত্রিক প্রতিযোগিতা।
নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, জামায়াতে ইসলামীর মো. আনোয়ার হোসাইন মোল্লা, গণঅধিকার পরিষদের ওয়াসিম উদ্দিম, স্বতন্ত্র মোহাম্মদ দুলাল, ইসলামী আন্দোলনের মো. ইমদাদুল্লাহ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মনিরুজ্জামান চন্দন এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের রেহান আফজাল।
নারায়ণগঞ্জ-২ আড়াইহাজার এখানে মাঠে আছেন বিএনপির নজরুল ইসলাম আজাদ, গণঅধিকার পরিষদের কামরুল মিয়া, ইসলামী আন্দোলনের মাওলানা হাবিবুল্লাহ, স্বতন্ত্র আতাউর রহমান খান আঙ্গুর, জামায়াতে ইসলামীর ইলিয়াস মোল্লা এবং সিপিবির হাফিজুল ইসলাম।
নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ এই আসনে প্রতিদ্বন্দ্বিতার তালিকায় রয়েছেন বিএনপির আজহারুল ইসলাম মান্নান, স্বতন্ত্র মুহাম্মদ গিয়াসউদ্দিন ও রেজাউল করিম, জামায়াতে ইসলামীর ইকবাল হোসাইন ভূঁইয়া, গণসমাজ আন্দোলনের অঞ্জন দাস, জনতার দলের আব্দুল করিম মুন্সী, এবি পার্টির আরিফুল ইসলাম, ইসলামী আন্দোলনের গোলাম মসীহ, খেলাফত মজলিসের মহা. শাহজাহান, খেলাফত আন্দোলনের আতিকুর রহমান নান্নু মুন্সী এবং গণঅধিকার পরিষদের ওয়াহিদুর রহমান মিল্কী।
নারায়ণগঞ্জ-৪ ফতুল্লা-আলীরটেক-গোগনগর এ আসনে রয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মুফতি মনির হোসাইন কাসেমী, এনসিপির আব্দুল্লাহ আল আমিন, রিপাবলিকান পার্টির মোহাম্মদ আলী, স্বতন্ত্র মুহাম্মদ গিয়াসউদ্দিন ও শাহ আলম, খেলাফত মজলিসের আনোয়ার হোসেন, সিপিবির ইকবাল হোসেন, গণঅধিকার পরিষদের আরিফ ভূঁইয়া, ইসলামী আন্দোলনের ইছমাঈল হোসেন কাউছার, জাতীয় পার্টির ছালাউদ্দিন খোকা, জাসদের সুলাইমান দেওয়ান, বাংলাদেশ সুপ্রিম পার্টির সেলিম আহমেদ এবং বাসদের সেলিম মাহমুদ।
নারায়ণগঞ্জ-৫ সদর-বন্দর এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির অ্যাডভোকেট আবুল কালাম, খেলাফত মজলিসের এবিএম সিরাজুল মামুন, স্বতন্ত্র মাকসুদ হোসেন, ইসলামিক ফ্রন্টের সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদী, বাসদের আবু নাঈম খান বিপ্লব, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের এইচ এম আমজাদ হোসেন মোল্লা, গণসংহতি আন্দোলনের তরিকুল ইসলাম সুজন, ইসলামী আন্দোলনের মুফতি মাসুম বিল্লাহ, সিপিবির মন্টু চন্দ্র ঘোষ এবং গণঅধিকার পরিষদের নাহিদ হোসেন।
মনোনয়ন প্রত্যাহার শেষে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে নির্বাচনী মাঠ এখন পুরোপুরি প্রস্তুত। সামনে প্রচার-প্রচারণার উত্তাপে কোন আসনে কার পাল্লা ভারী হয়, সেটিই এখন দেখার অপেক্ষা।



