চেম্বার অব কমার্স-এর পক্ষ থেকে এই জেলাকে ‘এ’ ক্যাটাগরির বানানোর জন্য সর্বাত্মক চেষ্টা করব – দিপু ভুইয়া

খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, ৩০ শতাংশ লোককে নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার জন্য আমরা আলোচনা করেছি। তাদের চাকরি দেওয়া গেলে নারায়ণগঞ্জে কোনো বেকারত্ব থাকবে না।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড কমিউনিটি সেন্টারে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ৩৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তিনি এ কথা বলেন। সভায় জুলাই ২০২৪ থেকে জুন ২০২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন ও হিসাব বিবরণী উপস্থাপন করা হয়।
নারায়ণগঞ্জ শহরের যানজটের বিষয়ে দিপু ভূঁইয়া বলেন, যানজটের কারণে নারায়ণগঞ্জ একটি অচল শহরে পরিণত হয়েছিল। যানজটের কারণে কেউ শহরের ভেতরে ঢুকতে ও বাইরে যেতে পারত না, প্রচুর সময় নষ্ট হতো। ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে আমরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ থেকে যানজট নিরসনের জন্য খণ্ডকালীন কমিউনিটি পুলিশ নিয়োগ দিয়েছি।
মেট্রো রেল নারায়ণগঞ্জে সংযোগের বিষয়ে দিপু বলেন, মেট্রো রেল নারায়ণগঞ্জে আসার বিষয়ে বিভিন্ন মহল বিভিন্ন সময়ের নানা ধরনের কথা বলছে, এ জন্য আমরা রেল মন্ত্রণালয়ে গিয়েছি।
এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ে যাচ্ছি, যাতে মেট্রো রেলের সংযোগ নারায়ণগঞ্জে আসে, নারায়ণগঞ্জবাসী সহজে ঢাকা যেতে পারে।
নারায়ণগঞ্জে গ্যাসের সংকটের বিষয়ে দিপু ভূঁইয়া বলেন, নারায়ণগঞ্জের ওপর দিয়ে যে গ্যাসের লাইন গেছে, এখান থেকে বিভিন্ন জায়গায় সংযোগ দেওয়াতে নারায়ণগঞ্জের শিল্প প্রতিষ্ঠানগুলো পর্যাপ্ত গ্যাস পাচ্ছে না। এ কারণে আমাদের শিল্পপ্রতিষ্ঠান চলতে পারছে না। আমরা গ্যাসের বিভিন্ন দপ্তরে আলাপ করছি, নারায়ণগঞ্জে যে পরিমাণ গ্যাস দেওয়া কথা ছিল সেই পরিমাণ গ্যাস যাতে দেওয়া হয়।
যাতে আমাদের শিল্প প্রতিষ্ঠানগুলো ঠিকমতো চলতে পারে।
ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, নারায়ণগঞ্জ বাংলাদেশের জিডিপির প্রায় ৮% নিয়ন্ত্রণ করে থাকলেও নারায়ণগঞ্জ একটি ‘বি’ ক্যাটাগরির জেলা বানিয়ে রেখেছে। আমরা নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স-এর পক্ষ থেকে এই জেলাকে ‘এ’ ক্যাটাগরির বানানোর জন্য সর্বাত্মক চেষ্টা করব।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, সহ-সভাপতি আবু জাফর পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, গোলাম সারোয়ার সাঈদ সহ বিভিন্ন নেতৃবৃন্দ।



