স্মার্ট ফ্যামিলি কার্ড নিয়ে তালবাহানা নাগরিকদের বঞ্চিত করায় প্রতিবাদ ও বিক্ষোভ

খবর নারায়ণগঞ্জ.কম :
নারায়ণগঞ্জ সহ সারাদেশে টিসিবি’র স্মার্ট ফ্যামিলি কার্ড নিয়ে তালবাহানা ও ন্যায্যমূল্যের পণ্য থেকে সাধারণ নাগরিকদেরকে বঞ্চিত করার বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারী) বেলা ১২টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে নারায়ণগঞ্জ জেলার সাধারণ নাগরিকবৃন্দের ব্যানারে এ কর্মসূচী পালন করা হয়।
এসময় ভুক্তভোগীরা জানান, গত বেশকিছু দিন যাবৎ নারায়ণগঞ্জে টিসিবি’র পণ্য বিক্রয় নিয়ে নানান তালবাহানা চলছে। এর পূ্র্বে আমরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়েছিলাম সেখানে আমাদের বলা হয়েছিলো, আপনাদের চিন্তার কোন কারন নেই এবং কোন প্রকার মানববন্ধন করারও দরকার নেই। আপনাদের বিষয়ে অতিদ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু জানুয়ারিতে আমরা নতুন টিসিবির স্মার্ট কার্ডের জন্য টিসিবি পণ্য পাওয়া থেকে বঞ্চিত হয়েছি। নতুন কার্ড হাতে পেতে আমাদের অনেক সময় লাগবে। যার কারণে এ নতুন কার্ড না পেলে টিসিবি পণ্য থেকে বঞ্চিত হতে হবে। এতে করে আমাদের সংসারের খরচ বেড়ে যাবে। তাই যে পর্যন্ত নতুন কার্ড আমরা হাতে না পাবো সে পর্যন্ত পুরাতন কার্ড দিয়ে সুবিধা দিতে হবে। বর্তমানে আমরা খোঁজ পেয়েছি ডিলারদের কাছে পণ্য এসেছে কিন্তু কার্ড না পাবার ফলে পণ্য পাচ্ছি না। ওটিপির সিস্টেম করা হয়েছে কিন্তু অনেকে মোবাইল না নিয়ে আসার কারনে ওটিপি দিতে না পেরে পণ্য নিতে পারছেনা।