জেলা প্রশাসকের কার্যালয়ে আনসার সদস্য নবী ও রাসেলের সাহসিকতা


Jahid প্রকাশের সময় : নভেম্বর ১৩, ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন / ০ Views
জেলা প্রশাসকের কার্যালয়ে আনসার সদস্য নবী ও রাসেলের সাহসিকতা

খবর নারায়ণগঞ্জ.কম:

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক আনসার সদস্যের ইজিবাইক বন্ধক রাখা ও সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়াকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়েছে।
এ বিরোধের মীমাংসায় স্থানীয়ভাবে আয়োজিত সালিশ বৈঠকে একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় রাসেল নামে এক যুবককে মারধর করে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে দক্ষিণ সস্তাপুর এলাকার মাসুম (৩৫) ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাংবাদিক আলামিন প্রধানকে নিরাপত্তা দেয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে সরে যায় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে কর্মরত আনসার সদস্য নবী হোসেনের একটি ইজিবাইক তাঁর ছেলে রাসেল দক্ষিণ সস্তাপুর এলাকার বাসিন্দা মধুওয়ালার ছেলে মাসুমের কাছে বন্ধক রাখেন।
অভিযোগ রয়েছে, রাসেল মাদকাসক্ত এবং মাসুমের কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে সেবন করতেন। একপর্যায়ে মাসুম ও রাসেল একসঙ্গে মাদক সেবন করতেন বলেও অভিযোগ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, ইজিবাইকটি বন্ধক রাখার পর মাসুম রাসেলকে আরও কিছু টাকা দেন এবং বিনিময়ে একটি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেন।
বিষয়টি পরবর্তীতে জানতে পেরে আনসার সদস্য নবী হোসেন মাসুমের কাছে ইজিবাইকটি ফেরত চান। তখন মাসুম দাবি করেন, রাসেলের কাছ থেকে ৫৫ হাজার টাকা দিয়ে স্ট্যাম্পের মাধ্যমে ইজিবাইকটি কিনে নিয়েছেন।
অন্যদিকে, বাবা নবী হোসেনের কাছে রাসেল দাবি করেন, তিনি মাসুমের কাছ থেকে মাত্র ৫ হাজার টাকা নিয়ে ইজিবাইকটি তাঁর কাছে রেখে এসেছেন এবং একটি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর দিয়েছেন। এ নিয়ে উভয় পক্ষের বক্তব্যে অসংগতি দেখা দিলে বিরোধ আরও জটিল আকার ধারণ করে।
পরে নবী হোসেন এ ঘটনায় থানায় অভিযোগ করেন। অভিযোগের পর পুলিশ ইজিবাইকটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এদিকে, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার উদ্দেশ্যে শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) রাত ৭টার দিকে ফতুল্লা থানাধীন দক্ষিণ সস্তাপুর মাজারের অফিসকক্ষে উভয় পক্ষ সাংবাদিক আলামিন প্রধানের কাছে উপস্থিত হন।
সালিশ বৈঠকে ইজিবাইক নিয়ে বিরোধের বিষয়টি আলোচনার একপর্যায়ে স্থানীয় বিএনপি নেতা নাজমুল হকের নাম উল্লেখ করে রাসেলকে মারধর করে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে।
এ সময় সাংবাদিক আলামিন প্রধান বাধা দিলে মাসুম ও তাঁর সঙ্গে থাকা লোকজন মারমুখী আচরণ করেন বলে অভিযোগ রয়েছে।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আলামিন প্রধান থানায় ফোন করে পুলিশের সহায়তা চান। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে নিরাপত্তা দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাসুম ও তাঁর সহযোগীরা ঘটনাস্থল থেকে সরে যায়।
একটি ইজিবাইককে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, মাদক সংশ্লিষ্টতার অভিযোগ এবং স্থানীয় সালিশে সাংবাদিককে ঘিরে এমন উত্তেজনাকর পরিস্থিতির ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।
একই সঙ্গে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার বিষয়টি, ইজিবাইক বিক্রি নাকি বন্ধক রাখা হয়েছিল এবং প্রকৃত লেনদেনের পরিমাণ কত এসব বিষয় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে পরিষ্কার করার দাবি উঠেছে।