

খবর নারায়ণগঞ্জ.কম : বিভিন্ন গণমাধ্যমে অত্যন্ত দুঃখজনকভাবে লক্ষ্য করা যাচ্ছে যে, নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকার পথে-ঘাটে, যানবাহনে কর্মজীবী নারী, সাধারণ নারী ও কন্যা শিশুরা ন্যাক্কারজনকভাবে হেনেস্থা, উত্ত্যক্তকরণ, যৌন নিপীড়ন, অশোভন ও অসৌজন্যমূলক আচরণের শিকার হচ্ছে।
২নং রেলগেইট সংলগ্ন ফাঁকা রাস্তায় প্রকাশ্য দিবালোকে কর্মজীবী এক নারীকে বৃদ্ধ (পুরুষ) পথচারী কর্তৃক নির্লজ্জভাবে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে স্পর্শ করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে দেখা যায়- নারীটি প্রতিবাদ করলে উক্ত পথচারী তেড়ে এসে তাকে পোশাক-পরিচ্ছেদ নিয়ে গালিগালাজ করে। দেখে আরো বিস্মিত হতে হয় যে- অন্য আরেকজন পুরুষ পথচারী ঘটনা না দেখে, না জেনে নিপীড়িত নারীকেই তিরস্কার করে এই বলে- বৃদ্ধ মানুষটিকে অসম্মান করছে। আশেপাশে অনেক দর্শক থাকলেও কেউ নারীটিকে সাহায্য করতে এগিয়ে আসেননি। এইরকম কিছু পুরুষের জন্য সমাজ অসুস্থ হয়ে পড়ছে।
শুধু তাই নয়, হত্যা, ধর্ষণ, নির্যাতন চরম আকার ধারণ করেছে। মা, বোন, কন্যা- জায়ার সম্মান ও নিরাপত্তার কথা চিন্তা করে নারী-পুরুষ সকল মানুষের মিলিত প্রচেষ্টায় এই সামাজিক কীটগুলোকে প্রতিহত করতে হবে। দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন, সামাজিক নিরাপত্তা ও দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলা কমিটির পক্ষে সভাপতি রীনা আহমেদ ও সাধারণ সম্পাদক রহিমা খাতুন এইসব ঘটনার তীব্র নিন্দা ও সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন। যাতে সমাজে আর কোন নারী ও কন্যাকে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার শিকার হতে না হয়।
আপনার মতামত লিখুন :