মহানগর বিএনপির উদ্যোগে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন


Jahid প্রকাশের সময় : অক্টোবর ১৮, ২০২৬, ১১:১৪ অপরাহ্ন / ০ Views
মহানগর বিএনপির উদ্যোগে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন

খবর নারায়ণগঞ্জ.কম:

“ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, আইনের অধিকার সবার” এই স্লোগানকে সামনে রেখে সব ধর্মের মানুষের সমান অধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান।

‎‎তিনি বলেন, হাজার বছরের ঐতিহ্য অনুযায়ী বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে আসছে। আমরা একই বাজারে কেনাকাটা করি, একই শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করি এবং একসঙ্গে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করি। এই সম্প্রীতি ও ঐতিহ্য অটুট রাখতে হবে।

‎‎রবিবার (১৮ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত শারদীয় দুর্গোৎসবের সপ্তমীতে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও ভক্ত-অনুরাগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে তিনি এসব কথা বলেন।

‎‎সাখাওয়াত হোসেন খান বলেন, “আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সব ধর্মের মানুষের অধিকার ও সম্প্রীতি বজায় রাখার বিষয়ে গুরুত্ব দিয়েছেন। তিনি আমাদের নির্দেশনা দিয়েছেন, প্রতিটি পূজামণ্ডপ যেন নিরাপত্তার চাদরে ঢাকা থাকে।

সেই নির্দেশনা অনুযায়ী আমরা পূজা উদযাপন কমিটির পাশে রয়েছি। এলাকার বর্তমান ও সাবেক জনপ্রতিনিধিরাও পূজা কমিটির সঙ্গে রয়েছেন। পাশাপাশি প্রশাসনও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।”

‎‎তিনি আরও বলেন, “আপনারা কীভাবে পূজা উদযাপন করছেন, কতটা আনন্দ-উৎসাহের মধ্য দিয়ে উৎসব পালন করছেন, তা দেখতে এবং আপনাদের সঙ্গে কুশল বিনিময় করতেই আমাদের এই আগমন। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা আপনাদের পাশে আছি। এলাকার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা সার্বক্ষণিক আপনাদের খোঁজখবর রাখবেন।”

‎‎নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, “আমরা চাই, আপনারা যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা হয়রানির শিকার না হন। সবাই যেন নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সেটিই আমাদের প্রত্যাশা।”

‎‎‎এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বরকত উল্লাহ, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, সহসভাপতি তিলোত্তমা দাস, ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, সাবেক নারী কাউন্সিলর আফসানা আফরোজা বিভা, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম আপন এবং নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বেপারীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।