
খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনের লক্ষ্যে জেলা আইন-শৃঙ্খলা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে ( ৯ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম এবং নারায়ণগঞ্জ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও জনবান্ধব রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে মাদক নির্মূল, কিশোর অপরাধ (কিশোর গ্যাং) দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরসমূহের কার্যক্রম পর্যালোচনা করা হয়। সভায় উপস্থিত কর্মকর্তারা জেলার অপরাধ নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে আরও তৎপর হওয়ার এবং নিয়মিত অভিযান পরিচালনার বিষয়ে একমত পোষণ করেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির বলেন, “নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরলসভাবে কাজ করছে। মাদক ও কিশোর অপরাধের বিরুদ্ধে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না।” তিনি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার, সিভিল সার্জন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জেলার সকল উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের প্রতিনিধিবৃন্দ এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সভায় বক্তারা নারায়ণগঞ্জ জেলাকে একটি নিরাপদ ও শান্তিময় জেলা হিসেবে গড়ে তুলতে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন এবং অপরাধ দমনে প্রশাসনের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :