

খবর নারায়ণগঞ্জ.কম:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রশাসনিক ক্যাডারে যোগদানের পর থেকেই বৃহৎ জনকল্যাণমুখী প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। ক্ষমতা নয়, পদ-পদবি নয়, মানুষের কল্যাণকেই তিনি তাঁর প্রশাসনিক জীবনের মূলমন্ত্র হিসেবে গ্রহণ করেছেন। আর সে কারণেই আজ তিনি বাংলাদেশে ‘মানবিক জেলা প্রশাসক’ হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন।
সততা, সাহস, শৃঙ্খলা, মানবিকতা, জনকল্যাণ ও জনবান্ধব প্রশাসন গড়তে সর্বোচ্চ দায়িত্ববোধ ও পেশাদারিত্বের অনন্য দৃষ্টান্ত রেখে যাচ্ছেন তিনি। প্রশাসনে যোগদানের প্রথম দিন থেকেই তাঁর লক্ষ্য ছিল একটাই — প্রশাসনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।
তাঁর চাকরি জীবনের দিকে তাকালে দেখা যায়, তিনি একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষের পাশে সহ সকল শ্রেণীর মানুষের পাশে দাঁড়িয়েছেন। জেলে, কৃষক, যানবাহনের ড্রাইভার-হেলপার, দুস্থ, অসহায়, প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করেছেন। বেকার সমস্যা দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, মানবিক সহায়তা এবং জেলা প্রশাসনের অবকাঠামো উন্নয়নেও তিনি রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।
বিভিন্ন সংঘাতপূর্ণ ও চ্যালেঞ্জিং পরিবেশেও তিনি নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। অসহায় ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা এবং জনগণের শান্তি প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা সত্যিই প্রশংসনীয়।
দুর্ঘটনামুক্ত ‘নিরাপদ সড়ক’ গড়তে তিনি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। বিভিন্ন কর্মশালার মাধ্যমে নিরাপদে রাস্তা পারাপারের নিয়ম, ফুটপাত ও জেব্রা ক্রসিংয়ের যথাযথ ব্যবহার, গণপরিবহণে যাত্রী হিসেবে করণীয়, চালক ও পথচারীদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতনতা সৃষ্টি করেছেন।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে ড্রাইভার ও হেলপারদের জেলা প্রশাসনের অর্থায়নে বিনামূল্যে ড্রাইভিং কোর্স করিয়েছেন, পাশাপাশি বিভিন্ন নিয়ম-কানুন শিখিয়ে ড্রাইভার-হেলপারদের ড্রেস প্রদান করেছিলেন। যা ছিল বাংলাদেশে এক বিরল দৃষ্টান্ত।তিনি নারায়ণগঞ্জে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করা অবস্থায় গ্রীন এন্ড ক্লিন কর্মসূচি হাতে নিয়ে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করে জেলা বাসীর হৃদয়ে স্থান করে নিয়েছিলেন।এবং তার ব্যাপক মানবিক কার্যক্রমের কারণে তিনি নারায়ণগঞ্জে মানবতার ফেরিওয়ালা হিসেবে উপাধি লাভ করেছিলেন। তিনি রাজবাড়ীতে জেলা প্রশাসকের দায়িত্ব পালন করা অবস্থায় ও তার ব্যাপক জনকল্যাণমূলক কার্যক্রম এবং জনবান্ধব প্রশাসন তৈরি করার কারনে ব্যাপক প্রশংসিত হয়েছিলেন। বিভিন্ন ধর্মের ধর্মীয় অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করায় ধর্মীয় মূল্যবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত রেখে চলেছেন।
তিনি বলেন, “নিরাপদ সড়ক শুধু আইন প্রয়োগের বিষয় নয়; এটি আমাদের প্রত্যেকের দায়িত্ব, সচেতনতা ও দায়িত্বশীল আচরণের সম্মিলিত প্রতিফলন।”
শিক্ষা সম্পর্কে তাঁর দর্শনও অত্যন্ত মানবিক। তিনি বলেন, কেবল ফলাফলমুখী শিক্ষা নয়, বিকশিত হোক মানবতার দীক্ষা। ভালো ফলাফলের পাশাপাশি মানবিক মূল্যবোধ তৈরি করতে হবে সকল শিক্ষার্থীর মধ্যে।
প্রাণিসম্পদ খাতের উৎপাদন বৃদ্ধি, রপ্তানির সম্ভাবনা কাজে লাগানো এবং এ খাত সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে তিনি ব্যাপক কাজ করেছেন।
জলাবদ্ধতা নিরসনে তিনি বিভিন্ন খাল খনন কর্মসূচি পালন করেছেন, খালের জায়গা উদ্ধার করেছেন। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তিনি ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন। একদিনে এক লক্ষ বৃক্ষরোপণ করে তিনি বাংলাদেশের মধ্যে দৃষ্টান্তমূলক উদাহরণ রেখে গেছেন।
জঙ্গল সলিমপুরের উন্নয়ন, নদীদূষণ ও জলাবদ্ধতা নিরসন এবং অবৈধ দখলদারদের থেকে সরকারি জমি উদ্ধারে তিনি ব্যাপক কাজ করেছেন।
চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে তিনি পর্যটন, পরিচ্ছন্নতা ও মানবিক চট্টগ্রাম গড়তে মহাপরিকল্পনা নিয়ে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার ১৬টি আসনের প্রায় ৬৭ লাখ ভোটারের নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ও প্রযুক্তিনির্ভর নজরদারির পাশাপাশি পাঁচ মিনিটের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ঘটনাস্থলে পৌঁছানোর ব্যবস্থা করেছেন শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য।
তিনি জঙ্গল সলিমপুরে সেনাবাহিনী, এসআরবি, বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ‘জিরো ক্যাজুয়ালটি’ নীতিতে প্রাণহানি ছাড়াই রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন।
এ ছাড়া জুলাইয়ের বন্যায় বাঁশখালীতে ক্ষতিগ্রস্তদের জন্য ১০০টি ঘর নির্মাণ, পরিবেশ রক্ষায় ‘নান্দনিক চট্টগ্রাম’ কর্মসূচির প্রথম দিনেই ১৩৫ টন বর্জ্য অপসারণ, ডেঙ্গু প্রতিরোধে দুই হাজার মসজিদ পরিষ্কার এবং ২৭ অক্টোবর এক দিনে এক লাখ বৃক্ষরোপণ করা হয়। হালদা ও কর্ণফুলী নদীর দূষণ ও দখল রোধেও উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে।
তিনি ঈদুল আজহায় ‘ফেস্টিভ সেল’, প্রবাসীদের জন্য অনলাইন গণশুনানি, কারাবন্দীদের জন্য ‘স্বজন’ ইন্টারকম এবং ১০০ গ্রাম প্লাস্টিকের বিনিময়ে শিক্ষার্থীদের চিড়িয়াখানায় বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা করে প্রশংসিত হয়েছেন।
তিনি প্রতি বুধবার গণশুনানি, অসহায় ও অসুস্থ ব্যক্তিদের আর্থিক সহায়তা, চুয়েট উপাচার্যকে উদ্ধার এবং সীতাকুণ্ডে জাহাজভাঙা শিল্পে নিহত শ্রমিকদের পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণের ব্যবস্থা করেছেন।
এছাড়াও তাঁর নেতৃত্বে জন্ম-মৃত্যু নিবন্ধন ও অনলাইন ভূমিসেবায়ও চট্টগ্রাম জাতীয় পর্যায়ে শীর্ষস্থান অর্জন করেছে।
তিনি মনে করেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রত্যেকের মধ্যেই রয়েছে নিজস্ব প্রতিভা ও সম্ভাবনা। কোনো একটি ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকলেও অন্য ক্ষেত্রে তাদের অসাধারণ মেধা ও দক্ষতা থাকতে পারে। সেই প্রতিভা খুঁজে বের করে বিকাশের সুযোগ তৈরি করতে যথাযথ পরিচর্যা, প্রশিক্ষণ ও উৎসাহ পেলে এসব শিশুও নিজ নিজ ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারবে। তারা পরিবার কিংবা সমাজের বোঝা নয়, সম্পদ হিসেবে গড়ে উঠবে। এ নিয়েও তিনি ব্যাপক কাজ করেছেন।
চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক স্থাপনা, ঐতিহ্য ও পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে এ অঞ্চলের পর্যটন খাতকে আরও বিকশিত করার পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছেন তিনি। দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে ডিসি পার্ককে নান্দনিকভাবে হাজারো ফুলের বাগানসহ বিভিন্ন আনুষঙ্গিক দিয়ে সাজানো হয়েছে।
মাঠ প্রশাসনকে আরও সক্রিয়, জবাবদিহিমূলক ও জনবান্ধব করার লক্ষ্যে তিনি কাজ করেছেন। ভূমি ব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলা রক্ষা, স্থানীয় সরকার প্রতিষ্ঠান শক্তিশালী করা, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ সকল ক্ষেত্রে তিনি সর্বোচ্চ ভূমিকা পালন করে বৃহত্তর কল্যাণ ও জনবান্ধব প্রশাসন গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি নারায়ণগঞ্জেও প্রায় দশ মাস জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সেখানেও তিনি ৬ মাস দায়িত্ব পালনের পর তার ৬ মাসের কার্যক্রমের তালিকা নারায়ণগঞ্জের সকল পর্যায়ের সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে প্রকাশ করেছিলেন।
এবং সম্প্রতি চট্টগ্রাম জেলা প্রশাসনের দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তি হওয়ায় চট্টগ্রাম জেলার সকল পর্যায়ের সাংবাদিকদের নিয়ে তার বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার তালিকা প্রকাশ করেছেন।
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বাংলাদেশের ভেতর একের পর এক দৃষ্টান্তমূলক উদাহরণ দেখিয়ে যাচ্ছেন তার বিভিন্ন কার্যক্রমের কারণে। গত রবিবার তার এক বছরের বিভিন্ন কার্যক্রমের তালিকা এবং ভবিষ্যৎ পরিকল্পনা চট্টগ্রামের সকল পর্যায়ের সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে প্রকাশ করেছেন।
জেলা প্রশাসকের এক বছরের কার্যক্রম সকল সাংবাদিক ও গণমাধ্যমের সামনে তুলে ধরার মতো ব্যতিক্রমী ও আত্মপ্রত্যয়ী এক কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। যা বাংলাদেশের ভেতর স্বচ্ছতা ও জবাবদিহিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন।
মো. জাহিদুল ইসলাম মিয়ার মতো কর্মকর্তারা প্রমাণ করেন — চাইলেই প্রশাসন হতে পারে মানবিক, জনবান্ধব ও মানুষের আপন।
তাঁর এই মানবিকতা, পেশাদারিত্ব ও জনকল্যাণমুখী নেতৃত্ব আগামী প্রজন্মের প্রশাসনিক কর্মকর্তাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
আপনার মতামত লিখুন :