

খবর নারায়ণগঞ্জ.কম:
‘নান্দনিক চট্টগ্রাম মানে শুধু সুন্দর রাস্তাঘাট কিংবা আধুনিক বিপণিবিতান নির্মাণ নয়। নান্দনিকতা মানে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, নির্বিঘ্নে চলাচলের পরিবেশ তৈরি করা এবং নাগরিকদের মধ্যে আস্থা গড়ে তোলা। শুধু সরকারি সংস্থার উদ্যোগে একটি শহরকে নান্দনিক করা সম্ভব নয়। এ জন্য প্রতিটি নাগরিককে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।’
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা আজ শনিবার (২১ নভেম্বর) নগরের বহদ্দারহাট আঞ্চলিক বাস টার্মিনালে বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’ স্লোগানে জেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে। এতে সহযোগিতা করে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ও বহদ্দারহাট আঞ্চলিক বাস টার্মিনাল পরিচালনা কমিটি।
জেলা প্রশাসক বলেন, উন্নত রাষ্ট্র গড়তে হলে নাগরিকদের চিন্তাভাবনা, আচরণ ও জীবনযাপনে পরিবর্তন আনতে হবে। পরিচ্ছন্নতা ও সড়কে চলাচলের ক্ষেত্রেও দায়িত্বশীল হতে হবে। শুধু আইন প্রয়োগ কিংবা জরিমানা করে এ পরিবর্তন সম্ভব নয়। মানুষের মধ্যে নিজস্ব দায়িত্ববোধ ও সচেতনতা তৈরি করতে হবে।
চট্টগ্রামকে নান্দনিক নগর হিসেবে গড়ে তুলতে জেলা প্রশাসনের উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, গত জুলাই থেকে সরকারি দপ্তর, বিভিন্ন সংস্থা ও রাজনৈতিক নেতাদের সঙ্গে নিয়ে জেলাজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে। গত ২৭ জুলাই প্রায় ছয় হাজার সরকারি কর্মচারীর অংশগ্রহণে বিভিন্ন সরকারি দপ্তর, সেগুলোর প্রাঙ্গণ ও ছাদ থেকে ১৩৫ মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়।
এর ধারাবাহিকতায় জিয়া সিটি কমপ্লেক্স, পতেঙ্গা সমুদ্রসৈকত, খেজুরতলীসহ বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান এবং হোটেল-রেস্তোরাঁয় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির অংশ হিসেবে গত ১২ সেপ্টেম্বর জেলার প্রায় দুই হাজার মসজিদ ও মসজিদ প্রাঙ্গণ পরিষ্কার করা হয়। গত সপ্তাহে চট্টগ্রাম রেলস্টেশনে পরিচ্ছন্নতা অভিযানের পর এবার বহদ্দারহাট বাস টার্মিনালে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
বহদ্দারহাট বাস টার্মিনালের গুরুত্ব তুলে ধরে জেলা প্রশাসক বলেন, এখান থেকে প্রতিদিন ৯০০টির বেশি বাস দক্ষিণ চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজারসহ বিভিন্ন গন্তব্যে চলাচল করে। প্রতিদিন প্রায় ৫০ থেকে ৬০ হাজার যাত্রী এ টার্মিনাল ব্যবহার করেন। বিপুলসংখ্যক মানুষের যাতায়াতের এ গুরুত্বপূর্ণ স্থানে পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি।
তিনি বলেন, ‘প্রায় ৩০ বছর আগে এ বাস টার্মিনালের যাত্রা শুরু হয়েছিল। এত বছরে পরিষ্কার-পরিচ্ছন্নতার ক্ষেত্রে আমরা কতটুকু উন্নতি করতে পেরেছি, সেটি ভাবতে হবে। শুধু জেলা প্রশাসন, সিটি করপোরেশন কিংবা সিডিএর দিকে তাকিয়ে থাকলে হবে না। পরিবহন মালিক, শ্রমিক, চালক, সহকারী ও যাত্রী—সবাইকে দায়িত্ব নিতে হবে।’
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পরিবহন মালিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, ‘লাইসেন্সবিহীন কাউকে গাড়ি চালাতে দেবেন না। শারীরিক বা মানসিকভাবে অসুস্থ চালকের হাতেও গাড়ি তুলে দেবেন না। চালক আগের রাতে পর্যাপ্ত ঘুমিয়েছেন কি না, তাঁর কোনো শারীরিক সমস্যা রয়েছে কি না, সেসব বিষয়ও মালিকদের খেয়াল রাখতে হবে।’
নতুন রুটে চালক পাঠানোর আগে সংশ্লিষ্ট সড়ক সম্পর্কে তাঁর অভিজ্ঞতা রয়েছে কি না, তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন জেলা প্রশাসক। তিনি বলেন, কোন এলাকায় বাজার বসে, কোথায় পথচারীর চাপ বেশি কিংবা স্থানীয় যানবাহন কীভাবে চলাচল করে, এসব বিষয়ে ধারণা না থাকলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে।
গাড়ির ফিটনেস ও নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘শুধু গাড়ি ভাড়া হলেই চালককে যেকোনো রুটে পাঠিয়ে দেবেন না। একটি গাড়ি থেকে হয়তো ছয় মাস লাভ করলেন, কিন্তু একটি দুর্ঘটনায় সেই লাভ শেষ হয়ে যেতে পারে। গাড়ির ফিটনেস ঠিক আছে কি না, সেটি শুধু চালক নয়, মালিককেও নিশ্চিত করতে হবে।’
চালকদের অতিরিক্ত গতিতে গাড়ি না চালানোর আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, ‘জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাবেন না। গতি নিয়ন্ত্রণ করতে না পারলে নিজের জীবন যেমন বিপন্ন হবে, তেমনি অন্যের জীবনও ঝুঁকির মধ্যে পড়বে। আমাদের সবার জীবন একটাই। সেই জীবনের নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব।’
সড়ক দুর্ঘটনার পর যানবাহনে অগ্নিসংযোগের প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। জেলা প্রশাসক বলেন, অনেক সময় দুর্ঘটনার জন্য চালক সরাসরি দায়ী না হলেও ক্ষুব্ধ মানুষ বাসে আগুন ধরিয়ে দেন। এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়। দুর্ঘটনা প্রতিরোধে চালক, মালিক, যাত্রী ও পথচারী—সব পক্ষের সচেতনতা প্রয়োজন।
যত্রতত্র যাত্রী ওঠানো-নামানো বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যাত্রীর অনুরোধে চালক হঠাৎ রাস্তায় গাড়ি থামিয়ে দিলে পেছনের গাড়ির চালক অনেক সময় পরিস্থিতি বুঝতে পারেন না। এতে দুর্ঘটনা ঘটে। নির্ধারিত স্টপেজ ছাড়া যাত্রী ওঠানো বন্ধ হলে যাত্রীরাও টার্মিনাল কিংবা নির্ধারিত স্থানে আসতে অভ্যস্ত হবেন।’
চট্টগ্রামের আন্তর্জাতিক পরিচিতির প্রসঙ্গ টেনে জেলা প্রশাসক বলেন, ‘চট্টগ্রামে প্রতিনিয়ত বিভিন্ন দেশের মানুষ আসেন। তাঁরা যখন দেখেন, যত্রতত্র রাস্তা থেকে যাত্রী ওঠানো হচ্ছে, তখন বিশ্বের কাছে আমরা কী বার্তা দিচ্ছি? আমাদের এ সংস্কৃতি পরিবর্তন করতে হবে।’
পরিবহন শ্রমিকদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি। জেলা প্রশাসক বলেন, চালক ও তাঁদের সহকারীদের আরও দক্ষ ও পেশাদার করে গড়ে তুলতে পারলে বিদেশের শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। এতে তাঁদের পরিবার ও এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নত হওয়ার পাশাপাশি দেশে বৈদেশিক মুদ্রা আসবে।
পরিচ্ছন্নতা কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, ‘আজ আমরা টার্মিনাল পরিষ্কার করে দিয়ে গেলাম। কিন্তু আগামীকাল আবার ময়লা জমলে সেটি পরিষ্কার করার দায়িত্ব আপনাদের। আমাদের পক্ষে প্রতিদিন পুরো দল নিয়ে এখানে আসা সম্ভব নয়। কয়েকবার পরিষ্কার করার পরও ময়লা হতে পারে। তাই বলে হাল ছেড়ে দেওয়া যাবে না। নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখলে মানুষের অভ্যাসেও পরিবর্তন আসবে।’
পরিবহন নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা জীবনের সবচেয়ে মূল্যবান সময় এ টার্মিনালে কাটান। এত দীর্ঘ সময় এখানে থেকেও যদি পরিবেশের কোনো পরিবর্তন আনতে না পারেন, তাহলে নেতৃত্বের প্রকৃত সার্থকতা কোথায়? আমাদের সার্থকতা তখনই আসবে, যখন আমরা একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারব।’
টার্মিনালের পরিবেশ উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়ে জেলা প্রশাসক বলেন, পরিবহন মালিক ও শ্রমিকেরা পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখলে সিটি করপোরেশন ও সিডিএর সঙ্গে সমন্বয় করে জেলা প্রশাসন প্রয়োজনীয় সহযোগিতার উদ্যোগ নেবে।
অনুষ্ঠানে চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফ বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন চৌধুরী টার্মিনালের জলাবদ্ধতা ও অবকাঠামোগত সমস্যার কথা তুলে ধরেন।
তিনি বলেন, নগরের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজের সময় আশপাশের সড়ক উঁচু করায় বহদ্দারহাট বাস টার্মিনাল নিচু হয়ে পড়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই সেখানে পানি জমে যায়। জমে থাকা পানির সঙ্গে ময়লা-আবর্জনা মিশে পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে ওঠে।
এ সমস্যা সমাধানে টার্মিনালের ভূমি আশপাশের সড়কের সমতলে উন্নীত করা, বিদ্যুৎ ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করতে সিডিএর সঙ্গে সমন্বয়ের অনুরোধ জানান তিনি।
পাশাপাশি দক্ষিণ চট্টগ্রামের সড়কে যানজট নিরসনে দোহাজারী ও কেরানীহাট এলাকায় মহাসড়কের ওপর বসা অবৈধ বাজার উচ্ছেদ এবং বেপরোয়া যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান এই পরিবহন নেতা।
আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুছা বলেন, দক্ষিণ ও উত্তর চট্টগ্রামমুখী প্রায় ২০ থেকে ২২টি রুটের যানবাহন এবং বিপুলসংখ্যক পরিবহন শ্রমিক এ টার্মিনাল ব্যবহার করেন। জলাবদ্ধতা ও প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধার অভাবে শ্রমিকদের পক্ষে এককভাবে টার্মিনালটি পরিচ্ছন্ন রাখা কঠিন।
জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হওয়া এ কার্যক্রম অব্যাহত রাখতে পরিবহন শ্রমিকেরা সর্বাত্মক সহযোগিতা করবেন বলে জানান তিনি।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক প্রণয় চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি অধিগ্রহণ) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত।
এ ছাড়া বিআরটিএর সহকারী পরিচালক সিরাজুল ইসলাম, বহদ্দারহাট আঞ্চলিক বাস টার্মিনাল পরিচালনা কমিটির সভাপতি মুসলিম হাসান ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফ বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি জাফর আহমদসহ পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতা ও সাধারণ শ্রমিকেরা কর্মসূচিতে অংশ নেন।
আপনার মতামত লিখুন :