ফতুল্লায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মারধর ও দেড় লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ


Jahid প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৩, ২০২৬, ২:১৭ অপরাহ্ন /
ফতুল্লায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মারধর ও দেড় লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রবাসী ভাইয়ের ক্রয়কৃত জমির সীমানা সংক্রান্ত বিরোধের জের ধরে মারধর, হুমকি ও দেড় লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে মোঃ রফিক (৫৭) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ মজিবর রহমান (৪০) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগ সূত্রে জানা যায়, ফতুল্লা থানাধীন চর বক্তাবলী মৌজার রাধানগর সাকিনস্থ জমি (খতিয়ান নং: সিএস-১৬৭৮, এসএ-১২৭২, আরএস-১৪২৯৯; দাগ নং: সিএস-৬২৮৫, এসএ-৬৮২৩, আরএস-১৪৭২৬) গত ১৫ জুলাই ২০২৬ ইং তারিখে সফ কবলা দলিলমূলে (দলিল নং-৭৩৬৬) খরিদ করেন প্রবাসে অবস্থানরত হাসান (৩০)।

​ভুক্তভোগী মজিবর রহমান জানান, জমিটি ক্রয়ের সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সার্ভেয়ার দিয়ে মেপে সীমানা নির্ধারণ করা হয়। তখন প্রবাসীর কেনা জমির মধ্যে বিবাদী রফিকের একটি দোকান ও ঘরের কার্নিশ অংশ পড়েছিল। স্থানীয়ভাবে সিদ্ধান্ত হয়েছিল যে বিবাদী রফিক নিজ দায়িত্বে তার দোকান ও কার্নিশ সরিয়ে নিবেন।

​পরবর্তীতে প্রবাসীর নির্দেশে মজিবর রহমান উক্ত দোকান ও কার্নিশ সরানোর অনুরোধ করলে বিবাদী অহেতুক টাকা দাবি করতে শুরু করেন। গত ২০ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখ সকাল ১১:০০ ঘটিকার সময় রাধানগরে উক্ত জমিতে কাজ করার পূর্বে বিবাদীকে পুনরায় দোকান সরিয়ে নিতে বললে তিনি ক্ষিপ্ত হয়ে মজিবর রহমানকে মারধর করতে তেড়ে আসেন।

​অভিযোগে আরও উল্লেখ করা হয়, বিবাদী রফিক ১,৫০,০০০ (এক লাখ ৫০ হাজার) টাকা চাঁদা দাবি করে হুমকি দেন যে, দাবিকৃত টাকা না দিলে কোনোভাবেই জমিতে কাজ করতে দেওয়া হবে না এবং দোকানও সরানো হবে না।

​এ বিষয়ে ভুক্তভোগী মজিবর রহমান নিরাপত্তার স্বার্থে এবং ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জের (ওসি) নিকট লিখিত অভিযোগ জমা দেয়ার পর ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ গেলে পুলিশের উপস্থিতি টেরপেয়ে ঘটনাস্থল থেকে রফিক পালিয়ে যায়।