নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, গ্যাস সরবরাহ সহ ১১ দফা দাবীতে বিকেডিওএ’র স্মারকলিপি প্রদান


Jahid প্রকাশের সময় : অগাস্ট ২৭, ২০২৬, ৮:০৭ অপরাহ্ন /
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, গ্যাস সরবরাহ সহ ১১ দফা দাবীতে বিকেডিওএ’র স্মারকলিপি প্রদান

খবর নারায়ণগঞ্জ.কম
তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসন, পর্যাপ্ত গ্যাসের চাপ নিশ্চিত করা এবং শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ ১১ দফা দাবী  জানিয়েছে বাংলাদেশ নিট ডাইং ওনার্স এসোসিয়েশন (বিকেডিওএ)।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।
সংগঠনটির ১১ দফা দাবির মধ্যে রয়েছে – গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে নির্ধারিত সময়ে বিল পরিশোধে ব্যর্থ শিল্পকারখানার সংযোগ বকেয়া বিলের কারণে তাৎক্ষণিক বিচ্ছিন্ন না করা, গত তিন মাসের গ্যাস ও বিদ্যুৎ বিল ১২ মাসের কিস্তিতে পরিশোধের সুযোগ দেওয়া, নিট ডাইং ও টেক্সটাইল শিল্পাঞ্চলে গ্যাসের চাপ কমে যাওয়ার প্রকৃত কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধান করা এবং প্রয়োজনীয় চাপসহ পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করা, শ্রমিক ও কর্মচারীদের তিন মাসের বেতনের সমপরিমাণ অর্থ সুদবিহীন ঋণ হিসেবে দেওয়ার দাবি জানানো হয়েছে।
শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং লোডশেডিংয়ের ক্ষেত্রে নিট ডাইং ও রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যুৎ দেওয়ার দাবিও রয়েছে। গ্যাস ও বিদ্যুৎ সরবরাহকারী সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে শিল্পমালিকদের সমন্বয়ের জন্য জরুরি মনিটরিং ও সমন্বয় ব্যবস্থা চালু করার প্রস্তাব দিয়েছে বিকেডিওএ। একই সঙ্গে শিল্পাঞ্চলভিত্তিক গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের জন্য বিশেষ কন্ট্রোল রুম বা হটলাইন চালুর দাবি জানানো হয়েছে, যাতে শিল্পমালিকরা জরুরি সমস্যার দ্রুত সমাধান পেতে পারেন।
গ্যাস ও বিদ্যুৎ সংকটে ক্ষতিগ্রস্ত রপ্তানিমুখী ও স্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য প্রয়োজনীয় সহায়তা ও প্রণোদনা দেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, গ্যাস-বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা এবং শিল্পমালিকদের প্রতিনিধিদের নিয়ে জরুরি বৈঠক করে দ্রুত কার্যকর সিদ্ধান্ত নেওয়ার দাবিও জানিয়েছে সংগঠনটি, দেশের রপ্তানি আয় ও কর্মসংস্থান রক্ষায় নিট ডাইং শিল্পের বর্তমান সংকটকে জাতীয় গুরুত্বপূর্ণ শিল্প সংকট হিসেবে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বিকেডিওএ।
এবিষয়ে বাংলাদেশ নিট ডাইং ওনার্স এসোসিয়েশনের (বিকেডিওএ) সভাপতি মোঃ  আমজাদ হোসেন বলেন, বাংলাদেশের রপ্তানিমুখী তৈরি পোশাক ও বস্ত্রশিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী খাত নিট ডাইং শিল্প। দেশের শিল্পায়ন, রপ্তানি আয়, বৈদেশিক মুদ্রা অর্জন এবং বিপুল মানুষের কর্মসংস্থানে এ খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুতের অভাবে গার্মেন্টস এর মূল উপকরণ আমরা ডাইং থেকে রং করতে পারছিনা। ডাইংয়ে রং করতে না পারায় গার্মেন্টসে আমরা কাপড় সরবরাহ করতে পারছিনা। এতে কাটিং ও সুইং না হওয়ায় গার্মেন্টস এক্সপোর্ট বিঘ্নিত হচ্ছে।
আমজাদ হোসেন আরও বলেন, প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখা, কর্মসংস্থান বজায় রাখা, রপ্তানি কার্যক্রম অব্যাহত রাখা এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখার স্বার্থে বর্তমান পরিস্থিতিতে মানবিক ও বাস্তবভিত্তিক পদক্ষেপ নেওয়া জরুরি। প্রতিষ্ঠান বন্ধ হলে শ্রমিক অসন্তোষ সৃষ্টি হতে পারে বলে আশংকা রয়েছে।
স্মারকলিপি গ্রহণের পর নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, আমরা তাদের স্মারকলিপি গ্রহণ করেছি। বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে কথা বলব।
এসময় আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জিএম হায়দার বাবুল, সহ-সভাপতি এম নাসিরউদ্দিন, আবুল হাসনাত কবির, শাজাহান, মহাসিন রব্বানী, কাজী নজরুল ইসলাম, মোস্তাক আহমেদ, সাইদুর রহমান প্রমুখ।