
খবর নারায়ণগঞ্জ.কম :
নারায়ণগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় মহানবী হযরত মোহাম্মদ (সা:) এর জন্মদিন উপলক্ষ্যে ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন করা হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও ঈদে মিলাদুন্নবী (সা:) কমিটির উদ্যোগে জশনে জুলুসের র্যালী অনুষ্ঠিত হয়।
বুধবার (২৬ আগষ্ট) বেলা সাড়ে ১১ টায় নিতাইগঞ্জের মোড় থেকে ইসলামী ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান পীর সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদী আল আবেদীন এর নেতৃত্বে জশনে জুলুসের র্যালিটি বের হয়। র্যালীটি নিতাইগঞ্জ থেকে শুরু করে ২নং রেল গেট, চাষাড়া গোল চত্বর ঘুরে টানবাজার হয়ে নিতাইগঞ্জ বাইতুল ইজ্জত জামে মসজিদের সামনে এসে শেষ হয়।
বিভিন্ন পাড়া মহল্লা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসুল্লী বিভিন্ন ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড হাতে নিয়ে খন্ড খন্ড মিছিল করে জশনে জুলুসর র্যালীতে যোগ দেয়। এ সময় হাজারো ধর্মপ্রাণ মানুষের ঢলে জশনে জুলুসের র্যালীটি জনসমুদ্রে পরিণত হয়। আখেরী নবীর আগমনকে ঘিরে ঈদের আনন্দের জোয়ার সৃষ্টি হয় সাধারণ মুসল্লিদের মধ্যে। মুসল্লীরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শানে দরুদ ও সালাম, জিকির-আসগার, হামদ-নাত পরিবেশন করেন। আহলান সাহালান, সকল ঈদের সেরা ঈদ, ঈদ-এ মিলাদুন্নবী সহ বিভিন্ন ইসলামিক স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে জশনে জুলুসের র্যালীটি।
র্যালী পরবর্তী ইসলামী ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি পীর সৈয়দ মোঃ বাহাদুর শাহ মুজাদ্দেদী আল আবেদী বলেন, যে নবীর সৃষ্টি না হলে, আসমান, জমিন, লৌহ, কালাম কিছুই সৃষ্টি হতো না সেই নবীর জন্মদিন উপলক্ষে আমরা ঈদ-এ মিলাদুন্নবী জশনে জুলুস মিছিল আনন্দ র্যালী করছি। এ কারণে আমরা বলছি সকল ঈদের সেরা ঈদ ঈদ-এ মিলাদুন্নবী। নবীর জন্মদিন পালন নিয়ে যারা বিরোধীতা করছে তারা ইসলামের মধ্যে বিভেদ ও ফেতনার সৃষ্টি করছে। তিনি ধর্মপ্রাণ মুসলমানদের ঈমান ও আকিদা ঠিক রাখার জন্য সঠিক পথ বেছে নেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, আল্লাহ আমাদের দুটি নূর দিয়েছেন একটি হচ্ছেন নবীজি (সাঃ) এবং অপরটি হলো পবিত্র কোরআন। যদি এ দুটি নূর আমরা হৃদয়ে ধারণ করতে পারি তাহলে আমাদের জীবন পরিপূর্ণ হবে। যারা এর বিরোধীতা করে বিভিন্ন ফতোয়া দেয় তাদেরকে সমাজের প্রতিটি স্তরে প্রতিরোধ করতে হবে। যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে তাদেরকে শক্তহাতে প্রতিহত করতে হবে।
বক্তব্য শেষে নারায়ণগঞ্জ তথা বাংলাদেশ সহ সারা পৃথিবীর মুসলমানদের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন সৈয়দ মোঃ বাহাদুর শাহ মুজাদ্দেদী।
জশনে জুলুস ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটির সভাপতি আলহাজ্ব সোহাগ হোসাইন চিশতি এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিব, উদযাপন কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব জামান মিয়া, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন কাওছার, সহ প্রকাশনা বিষয়ক সম্পাদক রাহাত হাসান রাব্বী সহ হাজারো ধর্ম প্রাণ মুসুল্লী উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :