আগামী ২৮ জুন ৩ লাখ ৩৫ হাজার ১৯৮ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জ জেলায় আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় ৩ লাখ ৩৫ হাজার ১৯৮ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মশিউর রহমান।
জেলার ৫টি উপজেলায় (নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকা ব্যতীত) এ কর্মসূচি বাস্তবায়নে ১ হাজার ৫৬টি স্থায়ী ও অস্থায়ী কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
তিনি জানান, ভিটামিন ‘এ’-এর অভাবজনিত অপুষ্টি ও শিশুমৃত্যুর হার কমানোর লক্ষ্যে দেশব্যাপী এই ক্যাম্পেইন পরিচালিত হবে। এদিন ৬ থেকে ১১ মাস বয়সী ৪১ হাজার ৬৯২ শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (১ লাখ আইইউ) এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৯৩ হাজার ৫০৬ শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (২ লাখ আইইউ) খাওয়ানো হবে। ক্যাম্পেইনটি সফল করতে ইতিমধ্যেই জেলা ও উপজেলা পর্যায়ে জেলা অ্যাডভোকেসি ও প্ল্যানিং সভা সম্পন্ন হয়েছে। ওয়ার্ড পর্যায়ে স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে দিবসটি সম্পর্কে জনগণকে অবহিত করছেন। মসজিদের ইমামদের মাধ্যমে জুমার খুতবাসহ অন্যান্য সময়ে এবং ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমেও ক্যাম্পেইনের প্রচার নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি জেলা তথ্য বিভাগের উদ্যোগে মাইকিং এবং জাতীয় পর্যায়ে টেলিভিশন ও পত্রিকার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। ভিটামিন ‘এ’ ক্যাপসুল সম্পূর্ণ নিরাপদ এবং এতে পার্শ্বপ্রতিক্রিয়ার তেমন কোনো ঝুঁকি নেই। তবুও যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল, নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল এবং প্রতিটি উপজেলা হাসপাতালে বিশেষ মেডিকেল টিম গঠন করা হয়েছে।
জেলা সিভিল সার্জন ডাঃ আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান জেলার সকল সংবাদকর্মীসহ সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় অতীতে ন্যায় এবারও এই ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়ন সম্ভব হবে তিনি জানান।
অনুষ্ঠানে এ সময় বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ এবং নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


