ইসদাইরে অবৈধ ক্যাবল অফিস সীলগালা করলো ভ্রাম্যমাণ আদালত
খবর নারায়ণগঞ্জ.কম :
ফতুল্লা থানাধীন ইসদাইর বুড়ির দোকান এলাকায় অবৈধভাবে পরিচালিত একটি ক্যাবল নেটওয়ার্কের (ডিস) অফিস সীলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) দুপুর ২টায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ তামশিদ ইরাম খান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
গণমাধ্যম কর্মীদের তিনি বলেন, একটি অভিযোগের ভিত্তিতে ডিসি স্যারের নির্দেশে আমরা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। বেলা সাড়ে এগারটার দিকে এখানে এসে প্রতিষ্ঠানের মালিক শিমুল ও তার পার্টনার জামান সাহেবের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করি। কিন্তু বার বার বলা সত্ত্বেও প্রতিষ্ঠানের মালিক পরিচয়দানকারী শিমুল আমাদের সাথে দেখা করেন নি। তার ব্যবসার কোন কাগজপত্র আমরা পাইনি, এমনকি অফিসের স্টাফ কেউ ছিলো না। তবে কয়েকজন টিকাদান কর্মী ছিলেন। পরবর্তীতে সে না আসায় দুপুর ২টার দিকে তার অফিস সীলগালা করে দেই। এটা ছাড়াও সে অত্র এলাকায় অন্যান্য অনেক কর্মকান্ড করায় তার বিরুদ্ধে আরও বেশ কিছু অভিযোগ রয়েছে। জব্দকৃত মালামালের মধ্যে, ক্যামেরা ভিডিও রেকর্ডার ২টা, ক্যামেরা ২৪টি, ইডিএফ এপ্লিফায়ার ১টা, ৪ বক্স ক্যাবল ইত্যাদি।
এসময় নারায়ণগঞ্জ র্যাব-১১ এর একটি দল সেখানে উপস্থিত ছিলো।