জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
শ্রীবরদী পৌরসভার ১৯ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদী পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের ১৯ কোটি ৩৯ লক্ষ ৫৭ হাজার ১ শত ৩৩ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫জুন) বিকেলে পৌরসভার হল রুমে ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুর রহিম দুলাল, সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির সদস্য সচিব সোহানুর রহমান সোহান, পৌরসভার সচিব ( অ:দা:) আবু লায়েছ মে: বজলুল করিম, প্রেসক্লাব শ্রীবরদীর সভাপতি এজেএম আহছানুজ্জামান ফিরোজ, ভারপ্রাপ্ত হিসাব রক্ষক তারেক হাসান, বাজার পরিদর্শক ফিরোজ আহমেদসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাবেক ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ, বাজারের বয়বসায়ীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
প্রস্তাবিত বাজেট ঘোষণায় পৌর প্রশাসক মনীষা আহমেদ বলেন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন – ভাতা, সড়ক বাতিসহ বিভিন্ন স্থাপনার বিদ্যুৎ বিল, বর্জ্য ব্যবস্থাপনার জন্য ব্যবহ্রত গাড়ীসহ অন্যান্য সকল গাড়ী মেরামত ও জ্বালানি খরচ, রাস্তা, ড্রেন মেরামত ও রক্ষণাবেক্ষণসহ অন্যান্য সংস্থাপন, শিক্ষা ও চিকিৎসা বাবদ অনুদান, বিভিন্ন জাতীয় ও ধর্মীয় দিবস উদযাপনের ব্যয় পৌরসভার নিজস্ব তহবিল থেকে নির্বাহ করা হয়। পৌর হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স, যানবাহন কর, মার্কেট ভাড়া, বাজার ইজারা, ভূমি হস্তান্তর কর, গৃহনির্মাণ অনুমোদন ফিস ইত্যাদি পৌরসভার রাজস্ব আদায়ের মূল উৎস। তিনি বলেন, হোল্ডিং ট্যাক্সসহ অন্যান্য খাতের কর লক্ষ্যমাত্রার প্রায় ৬৮ ভাগ আদায় করতে সক্ষম হয়েছি। আশা করছি জুন মাস শেষ হলে পৌর হোল্ডিং ট্যাক্স ডিমান্ডের ৮৫% এবং কর বহির্ভূত অন্যান্য খাতে লক্ষ্যমাত্রার ১০০% আদায় করতে সক্ষম হবো। তিনি আরও বলেন, আগামী ২০২৬-২৭ অর্থ বছরে কোন কর বৃদ্ধি না করা হলেও রাজস্ব আদায় কার্যক্রম জোরদারের মাধ্যমে বাজেটে বিভিন্ন খাতে বরাদ্দ রাখা হয়েছে। ফলে কর্মকর্তা – কর্মচারীদের বেতন ভাতা যথাসময়ে পরিশোধসহ পৌরসভার সকল ধরনের সেবা কার্যক্রম সচল রাখা এবং উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে সক্ষম হবো।

