নারায়ণগঞ্জে বাসদের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

খবর নারায়ণগঞ্জ.কম:
বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে বৃহস্পতিবার বিকাল ৫ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, বাসদ ফতুল্লা থানার সদস্যসচিব এস এম কাদির, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সুলতানা আক্তার, বাসদ বর্ধিত ফোরামের সদস্য সাইফুল ইসলাম শরীফ।
নেতৃবৃন্দ বলেন, জনমত উপেক্ষা করে সরকারের নির্দেশে বিইআরসি কর্তৃক বিদ্যুতের মূল্যবৃদ্ধির ঘোষণা দেশবাসীকে হতবাক ও উদ্বিগ্ন করেছে। গড়ে পাইকারি পর্যায়ে ১ টাকা ৩৯ পয়সা এবং ভোক্তা পর্যায়ে ১ টাকা ৫২ পয়সা বৃদ্ধি করেছে। বিদ্যুতের মূল্যের যতগুলো স্লাব আছে প্রত্যেকটিতে বৃুদ্ধি করেছে। বাদ যায়নি প্রান্তিক পর্যায়ের জন্য যে স্লাব। দেশের সাধারণ মানুষের আয় বাড়েনি বরং প্রকৃত আয় কমেছে। বেকারত্ব বেড়েছে। নিত্য পণ্যের মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষ অতিষ্ঠ। ইতিমধ্যে সরকার দুইবার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। এখন আবার বিদ্যুতের দাম বাড়ানো হলো। বিদ্যুৎ ব্যবহারকারী গরিব মানুষও মূল্যবৃদ্ধির খড়গ থেকে রেহাই পেল না। এসব মূল্যবৃদ্ধি শুধুমাত্র প্রতি মাসে জ্বালানি ও বিদ্যুতের খরচ বাড়াবে তাই নয়। এর ফলে দৈনন্দিন ব্যবহার্য দ্রব্যের উৎপাদন খরচ বাড়াবে। যার ফলে ওই সব ক্ষেত্রে জিনিসপত্রের মূল্যবৃদ্ধিও সাধারণ মানুষের ঘাড়ে চাপবে।
নেতৃবৃন্দ বলেন, সরকারের মূল্যবৃদ্ধির এই সিদ্ধান্ত সম্পূর্ণ অন্যায্য ও গণবিরোধী। গণশুনানিতে ভোক্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দের পক্ষ থেকে বলা হয়েছিল বিদ্যুতের দাম কমানোর জন্য গণশুনানির আয়োজন করা হোক। বিশেষজ্ঞদের নিয়ে বিদ্যুতের দাম কমানোর বিকল্প পথের সন্ধান করা যাবে। যদি তা না পারা যায় তাহলে কোন যৌক্তিক কারণে যদি মূল্যের সমন্বয় করতে হয় তখন হয়তো সেটা বিবেচনা করা যাবে। কিন্তু বিইআরসি ও সরকার সে পথে না হেঁটে মূল্যবৃদ্ধি করে সাধারণ মানুষের পকেট কাটার অনৈতিক অযৌক্তিক গণবিরোধী সিদ্ধান্ত নিল। এর ফলে বিইআরসি নিজেকে একটা অকার্যকর ও গণবিরোধী প্রতিষ্ঠান হিসেবে আবারও প্রমাণ করল।
নেতৃবৃন্দ মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এই মূল্যবৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবি জানান।


