নারায়ণগঞ্জে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের নারায়ণগঞ্জে সমাবেশ

প্রেস বিজ্ঞপ্তি : মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে জাতীয় স্বার্থ বিরোধী অসম বাণিজ্য চুক্তি বাতিল ও ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলা বন্ধের দাবিতে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে আজ বিকাল ৫ টায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জোট নেতা বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লবের সভাপতিত্বে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলার সভাপতি শিবনাথ চক্রবর্ত্তী, সাবেক সভাপতি হাফিজুল ইসলাম, জেলার সাধারণ সম্পাদক এস এম শাহীন, বাসদ জেলার নেতা সেলিম মাহমুদ, এস এম কাদির, বাংলাদেশ জাসদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি সোলেমান দেওয়ান, আতাউর রহমান, সিপিবি নেতা ইকবাল হোসেন।
নেতৃবৃন্দ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত এই অসম বাণিজ্য চুক্তি বাংলাদেশের স্বাধীন বাণিজ্যনীতি, কর-সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় ক্রয়নীতিকে মার্কিন কর্পোরেট স্বার্থের কাছে বিকিয়ে দেওয়াার শামিল। এ ধরনের চুক্তির ফলে দেশীয় শিল্প ও কৃষিখাত ধ্বংস হবে, শ্রমিকের মজুরি ও অধিকার সংকুচিত হবে, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে এবং রাষ্ট্রের বিনিয়োাগ-সিদ্ধান্তে বিদেশি কোম্পানির কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে।
নেতৃবৃন্দ বলেন, এই চুক্তির ফলে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পসহ রপ্তানিমুখী খাতগুলো মার্কিন বাজারে অসম প্রতিযোগিতার মুখে পড়বে এবং দেশীয় বিনিয়োগকারীরা বিদেশি কর্পোরেট সংস্থার কাছে কোণঠাসা হয়ে পড়বে। তাঁরা সংসদের সকল দল ও সদস্যকে এই জাতীয় স্বার্থ-বিরোধী চুক্তি বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং সংসদে আনুষ্ঠানিক নিন্দা প্রস্তাব উত্থাপনের দাবি জানান।
বক্তারা আরও বলেন, এ চুক্তি গোপনে করা হয়েছে জনগণ কিংবা সংসদকে অবহিত না করেই, যা সাংবিধানিক প্রক্রিয়ার সরাসরি লঙ্ঘন। এছাড়াও এই চুক্তির ফলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। রাশিয়া-চীনসহ বিভিন্ন দেশের সাথে বাণিজ্য করার ক্ষেত্রে মার্কিন মুখাপেক্ষী হয়ে থাকতে হবে, মার্কিনীদের কাছ থেকে চড়া মূল্যে সামরিক সরঞ্জামাদি কিনতে হবে। এরই মধ্যে ১৪টি বোয়িং বিমান কেনার কথা বলা হচ্ছে বাড়তি মূল্যে যা বাংলাদেশের অর্থনীতির জন্য অশনি সংকেত।


