বিশৃঙ্খলা করলে আমাদের মুখোমুখি হতে হবে – আশা

খবর নারায়ণগঞ্জ.কম :
সিটি কর্পোরেশন, বিএনপি, জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য সকল দল ও সামাজিক সংগঠনের উদ্যোগে নগরীতে অবৈধ ফুটপাত উচ্ছেদ পরবর্তী কয়েকটি ঘটনার প্রেক্ষিতে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশার নেতৃত্বে একটি মিছিল নগরীতে শো-ডাউন করে। যাতে কোন হকার অবৈধভাবে ফুটপাত দখল করতে না পারে।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে শহরের কালীরবাজার ফ্রেন্ডস মার্কেট এর সামনে থেকে সংক্ষিপ্ত বক্তব্যের পর মিছিলটি বের হয়।
এসময় আবুল কাউছার আশা তার বক্তব্যে বলেন, আপনারা জানেন ইতিমধ্যে আমরা নারায়ণগঞ্জকে ফুটপাত মুক্ত করার জন্য যে আন্দোলনে নেমেছি সেখানে যারা জুলাই যুদ্ধে সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন তারা ৫ তারিখ থেকে শহরের যানজট নিরসন পরবর্তীতে হকার উচ্ছেদে তারা অক্লান্ত পরিশ্রম করেছেন। গতকাল যখন তারা ফুটপাত দখলমুক্ত রাখতে কার্যক্রম পরিচালনায় ছিলেন তখন কতিপয় হকার তাদের উপর আক্রমন করেছে। যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যদি পরবর্তীতে কেউ এ ধরনের দুঃসাহস দেখায় তাহলে তার বিরুদ্ধে আইনগত ও সামাজিক ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে আপনাদের নেতৃত্ব দুই ভাগে বিভক্ত ছিলো। একজন বসাবে অপরজন উঠাবে। কিন্তু বর্তমান সময়ে আমরা নারায়ণগঞ্জের সকলেই ফুটপাত উচ্ছেদে একমত হয়েছি। যদি আপনারা বিশৃঙ্খলা করেন তাহলে আমাদের মুখোমুখি হতে হবে।
এসময় মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, সদস্য আওলাদ হোসেন, সাবেক কাউন্সিলর সুলতান আহমেদ সহ মহানগরের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
