আইন-আদালততাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

আইভীর জামিন আবেদন আবারও নাকচ

খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর জামিন আবেদন আবারও নাকচ করেছে আদালত।

সোমবার (৩০ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা সেলিম মণ্ডল হত্যা মামলায় তার জামিন আবেদন নাকচ করেন।

আদালত সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ২০ জুলাই সহিংসতায় আগুনে পুড়ে নিহত হন ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মণ্ডল। ওই ঘটনায় ৩০ জুন কৃষক ওয়াজেদ আলী বাদি হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা তদন্তে আইভীর সম্পৃক্ততা পাওয়ার দাবি জানিয়ে তাকে শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। গত ২৭ ফেব্রুয়ারি এই মামলায় তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়েছিলো।

আদালতে জামিন শুনানিতে অংশ নেন বাদি ও বিবাদি উভয় পক্ষের আইনজীবীরা। দীর্ঘ যুক্তিতর্ক শেষে বিচারক জামিন নাকচ করে আইভীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শুনানি শেষে সেলিনা হায়াত আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন অসন্তোষ প্রকাশ করে বলেন, এটি সাবেক মেয়রের বিরুদ্ধে দায়ের হওয়া ১১ নম্বর মামলা। এজাহারে তার নাম না থাকা সত্ত্বেও তাকে এই মামলায় বেআইনিভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে। আমরা নিম্ন আদালতে ন্যায়বিচার পাইনি। এ আদেশের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাবো।

মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, আন্দোলন চলাকালে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় সেলিম মণ্ডল নিহত হওয়ার ঘটনায় সাবেক মেয়রের নির্দেশ বা সম্পৃক্ততা ছিলো বলে তদন্তে উঠে এসেছে। তবে আসামিপক্ষ এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করে আসছে।

Related Articles

Back to top button