তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

একের পর এক হত্যা চেষ্টা, ষড়যন্ত্র চলছেই – মাসুদ

খবর নারায়ণগঞ্জ.কম :
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি ও চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাকে গণসংযোগকালে হিংস্র সন্ত্রাসীদের কতৃক গুলিবিদ্ধ করার ঘটনায় তদন্তের মাধ্যমে প্রকৃত দুষ্কৃতকারীদের শাস্তির দাবীতে প্রতিবাদ সভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে হোসিয়ারী কমিউনিটি সেন্টারে সামনে থেকে মহানগর বিএনপির উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়।
প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের একজন রাজনৈতিক সহযোদ্ধা, যিনি একটি ভিন্ন মত পোষন করেন। সে তার রাজনীতি করবে আর আমরা আমাদের রাজনীতি করবো। প্রতিটি দলের বাকস্বাধীনতা আছে, মত আছে। তবুও দিন শেষে আমরা সবাই একত্রে বসবাস করবো। এটাই হলো গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু আমরা কি দেখছি একের পর এক হত্যা চেষ্টা, ষড়যন্ত্র চলছেই। আমরা এর তীব্র নিন্দা জানাই। যারা এ সমস্ত কর্মকান্ডের সাথে জড়িত তারা মনে রাখবেন, যতদিন বিএনপি এ দেশে আছে ততদিন আপনাদের জায়গা নেই। সমস্ত ষড়যন্ত্রকে আমরা রুখে দিবো।
তিনি আরও বলেন, যদি মনে করেন তুচ্ছ ঘটনা ঘটিয়ে নির্বাচন বানচাল করে দিবেন তাহলে ভুল হবে। আপনাদের এ ষড়যন্ত্র কখনোই সফল হবে না। সমস্ত দেশবাসীকে নিয়ে একটা সুষ্ঠু নির্বাচনের দিকে যাচ্ছি। ঠিক তখনই দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীরা নানা ষড়যন্ত্র শুরু করেছে। কিন্তু মনে রাখবেন এর থেকে আপনারা পার পাবেন না। বর্তমান সরকারকে বলবো আপনারা গোয়েন্দা সংস্থার কার্যক্রম আরো গতিশীল করুন। যদি পাড়া-মহল্লায় কেউ এ ধরনের ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত থাকে তাহলে পুলিশের সহযোগিতা নিন। যতই আমাদের মতের ভিন্নতা থাকুক দিন শেষে সকলেই এক ছাতার নিচে থাকবো, আর এটাই হলো গণতন্ত্র।
এসময় আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহমেদ, মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফারুক প্রমুখ নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button