মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করাই আমাদের মূল উদ্দেশ্য – ডিসি জাহিদুল ইসলাম

খবর নারায়ণগঞ্জ.কম :
নারায়ণগঞ্জ ৩’শ শয্যা হাসপাতালে ডিজিটাল ডিসপ্লে বোর্ডের শুভ উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় খানপুর হাসপাতালের বহিঃবিভাগে এ ডিজিটাল ডিসপ্লের উদ্বোধন করেন।
এসময় তিনি গণমাধ্যম কর্মীদের বলেন, নারায়ণগঞ্জ জেলায় প্রায় এক কোটি লোকের বসবাস। মানুষের চিকিৎসা সেবার জন্য সরকারী হাসপাতাল, উপজেলা ক্লিনিক রয়েছে। মানুষের চিকিৎসা সেবার কাঙ্খিত মান নিশ্চিত করতে জেলা প্রশাসন ও স্বাস্থ্যবিভাগ একত্রিত হয়ে কাজ করছে। হাসপাতালগুলোতে ডেঙ্গু কিট, আয়রন ট্যাবলেট, হুইল চেয়ার সহ বিভিন্ন প্রয়োজনীয় যন্ত্রাংশ সরবরাহ করেছি যাতে করে মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত হয়। কিন্তু প্রতিবারই আমরা একটা প্রশ্নের সম্মুখীন হয়েছি সেটা হলো, খানপুর হাসপাতালে চিকিৎসা নিতে আসলে ঢাকায় স্থানান্তর করা হয়। আবার যখন আমরা পরিদর্শনে আসি তখন দেখি বিছানায় রোগী আছে।
তিনি আরও বলেন, আমরা জানতে পেরেছি এ মাসে প্রায় ৬৫ হাজার রোগীকে চিকিৎসা প্রদান করা হয়েছে। আসলে এই যে এত অভিযোগ তার সঠিক তথ্য জানতে আমরা এ ডিজিটাল ডিসপ্লের ব্যবস্থা করেছি। যাতে করে সঠিক চিকিৎসা ব্যবস্থার চিত্রটা সবার কাছে উন্মোচিত হয়। মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করাই আমাদের মূল উদ্দেশ্য। যদি যন্ত্রাংশ সংকট থাকে সেটা আমরা ব্যবস্থা করতে পারবো আর যদি চিকিৎসক সংকট থাকে তাহলে স্বাস্থ্য মন্ত্রনালয়ের সাথে কথা বলে সেটার সমাধান করা হবে। এছাড়াও হাসপাতাল দালাল মুক্ত রাখতে, মাদকাসক্তদের আড্ডা বন্ধ করার জন্য আনসার বাহিনী নিয়োগ করা হবে যাতে করে মানুষ হয়রানীর শিকার না হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেন, জেলা সিভিল সার্জন ডাঃ মশিউর রহমান, হাসপাতাল তত্বাবধায়ক ডাঃ আবুল বাশার, প্রাইম ওয়াশিং প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ সোহেল, ১২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু প্রমুখ।

