টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

খবর নারায়ণগঞ্জ.কম :
আগামী ১২ অক্টোবর থেকে ১৮ দিনব্যাপী শুরু হতে যাচ্ছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে সিভিল সার্জন ডাঃ মশিউর রহমান বলেন, আগামী ১২ অক্টোবর থেকে ক্যাম্পেইনের মাধ্যমে ৫টি উপজেলার ২১৭৬টি প্রতিষ্ঠানে (নাসিক ব্যতিত) প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত প্রতিটি শিক্ষার্থীকে ১ ডোজ করে টিকা দেওয়া হবে। ক্যাম্পেইন শুরুর প্রথম ১০দিন শিক্ষা প্রতিষ্ঠানে এবং পরবর্তী ৮ দিন শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত বালক-বালিকাদের ইপিআই টিকাদান কেন্দ্রে টিকা প্রদান করা হবে। ক্যাম্পেইন থেকে যারা বাদ পড়বে তারা উপজেলা স্থায়ী টিকাদান কেন্দ্র থেকে টিকা নিতে পারবে। আমাদের লক্ষ্য হলো প্রায় ৬ লক্ষ শিশু ও কিশোর-কিশোরীকে এ ক্যাম্পেইনের আওতায় টিকা প্রদান করা। এর কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই এবং ১০৫৬টি কেন্দ্রের মাধ্যমে এ ক্যাম্পেইন সম্পন্ন করা হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার ডাঃ শিল্পি আক্তার, ডাঃ আফরোজা আক্তার পলি, ডাঃ জাহানারা আক্তার, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ আমিনুল হক, জেলা ইপিআই সুপারিন্টেডেন্ট লুৎফর রহমান এবং পেজেন্টেশান উপস্থাপনা করেন ডাঃ মোরশেদুল ইসলাম খান।
