গুম আর অমানুষিক নির্যাতনের শিকার রনি মানুষের সেবায় নিয়োজিত থাকতে চান

খবর নারায়ণগঞ্জ.কম :
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি একজন ত্যাগী নেতা হিসেবেই সমাদৃত। যিনি একসময় জেলা ছাত্রদলের সাথে সম্পৃক্ত ছিলেন। দলের দুঃসময়ে তিনি রাজপথে সক্রিয় থেকে বিভিন্ন সভা সমাবেশ করেছেন। আবার গডফাদার খ্যাত শামীম ওসমানকে চ্যালেঞ্জ করে গুমের শিকারও হয়েছেন। অমানুষিক নির্যাতনের পাশাপাশি ১০৪টি এর মত মামলা হয় তার বিরুদ্ধে কিন্তু তবুও আওয়ামী লীগের সাথে আপোষ করেনি মশিউর রহমান রনি।
২০১৮ সালের ৮ সেপ্টেম্বর ফতুল্লায় এক অনুষ্ঠানে নারায়ণগঞ্জের গডফাদার খ্যাত শামীম ওসমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশে উপহাস করে বলেন, যে দলের নেতার (তারেক রহমান) কোমর ভাঙ্গা, সেই নেতা ও দলের কর্মীরা শেখ হাসিনার সাথে কিভাবে লড়বে, আমি একাই যথেষ্ট তাদের জন্য। এ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে সেই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেন বর্তমান নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। প্রকাশ্যে শামীম ওসমানকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করে রাজপথে পুলিশ ছাড়া নামার চ্যালেঞ্জ ছুড়ে দেয়। মূলত সেই সময় শামীম ওসমানের বিরুদ্ধে একটি শব্দ করার সাহস ছিলোনা কারো।
শামীম ওসমানকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়ার জের টানতে হয়েছিলো যুবদলের বর্তমান সদস্য সচিব রনিকে। সাত দিন পর ১৭ সেপ্টেম্বর রনিকে ঢাকার আরামবাগ বাজার থেকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ তুলে নিয়ে গুম করে রাখে। অমানুষিক নির্যাতনের শিকার হতে হয় তাকে। হাত-পায়ের নখ দিয়ে সুচ ঢুকানো হয়, শরীরের বিভিন্ন অঙ্গে গরম ইস্ত্রি দিয়ে ছ্যাঁকা দেয়া হয়। ঝুলিয়ে পিটানোর কারনে হাত ভেঙ্গে যায়। মুখ কালো কাপড় দিয়ে বেঁধে অজু করিয়ে কালেমা পাঠ করানো হয় এবং ফতুল্লার একটি মাঠে তাকে নিয়ে যাওয়া হয়। কিন্তু ভাগ্যক্রমে সেই দিন ফতুল্লার এক সাবেক চেয়ারম্যান ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শী হয়ে দেখে ফেলায় সে যাত্রায় ক্রসফায়ার থেকে বেঁচে যান রনি। এখনো সেই দুঃসহ স্মৃতি বলতে গিয়ে শিউরে ওঠে যুবদল নেতা রনির পরিবার। বিগত আওয়ামী লীগ সরকারের দমন পীড়নের শিকার রনির বিরুদ্ধে ১০৪টি মামলা দেয়া হয়।
৫ আগস্ট পরবর্তী তিনি এখন বিভিন্ন সামাজিক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। পয়ঃনিষ্কাশন ব্যবস্থা সংস্কার, খাল পরিস্কার, স্কুল কলেজের উন্নয়ন সহ নানা ধরনের সামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন তিনি। তিনি মনে করেন, একজন রাজনৈতিক নেতা হিসেবে সর্বপ্রথম কাজ হচ্ছে জনগণের সেবা করা। আর আমৃত্যু তিনি সাধারন মানুষের পাশে থেকে তাদের সেবা করতে চান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিগত দিনে যেসকল নেতাকর্মীরা দলের জন্য ত্যাগ শিকার করেছে, মামলা-হামলার শিকার হয়েছে আগামী সংসদ নির্বাচনে তারাই হবেন অগ্রগণ্য। সেক্ষেত্রে একজন জনপ্রিয় ও ত্যাগী নেতা হিসেবে মশিউর রহমান রনি নারায়ণগঞ্জ-৪ আসন থেকে মনোনয়ন পেতে পারেন বলে মনে করছেন নেতাকর্মীরা।


