ব্যবসায়ীকে মারধর করলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আফজাল, থানায় অভিযোগ

খবর নারায়ণগঞ্জ.কম :
নারায়ণগঞ্জ সদর থানাধীন চর সৈয়দপুর এলাকায় ব্যবসায়ীক লেনদেনের ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ী সাইদুর রহমানকে মারধর সহ বড় ধরনের ক্ষতির হুমকী প্রদান ও গাড়ি আটক রাখায় গোগনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।
সোমবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টায় চর সৈয়দপুর ক্রাউন্ট সিমেন্ট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগের ভিত্তিতে জানা যায়, সৈয়দপুর গোগনগর এলাকার আফজাল হোসেনের (গোগনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি) কাছ থেকে প্রায় এক মাস পূর্বে চর সৈয়দপুর ক্রাউন সিমেন্ট সংলগ্ন একটি পুরাতন ভবন ভাঙ্গার কন্ট্রাক্ট নেন সাইদুর রহমান। যার মোট মূল্য ৮ লক্ষ টাকা। ভবন ভাঙ্গার কাজ শুরু করার পর বিবাদী আফজাল হোসেন ২ লক্ষ ৮০ হাজার টাকা প্রদান করে। কিন্তু ভবন ভাঙ্গার কাজ প্রায় শেষ পর্যায়ে থাকলেও বিবাদী বাকী টাকা প্রদান না করে নানা টালবাহানা শুরু করে। এ বিষয়ে ১৮ আগস্ট বেলা সাড়ে ১১ টার সময় কাজের সাইটে কথা বলতে গেলে বিবাদী ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। ব্যবসায়ী সাইদুর রহমান এর প্রতিবাদ করলে তাকে এলোপাথারী চর থাপ্পর মারতে থাকে। পরবর্তীতে ভবনে কর্মরত লোকজন ছুটে আসলে পরবর্তীতে আরো বড় ধরনের ক্ষতি করার হুমকী প্রদান করে এবং ভবন ভাঙ্গার কাজে ব্যবহৃত দুইটি গাড়ি এখান থেকে নিতে দিবেনা বলে হুমকি ধমকি দিয়ে তাকে উক্ত স্থান থেকে বের করে দেয়।
এ বিষয়ে সাইদুর রহমান জানান, আমি তার কাছ থেকে ভবন ভাঙ্গার কাজের বাকী টাকা চাইলে সে আমাকে মারধর করে আমার গাড়ি আটক করে রেখেছে। ভবিষ্যতে সে আমার বড় ধরনের ক্ষতি করতে পারে। তাই প্রশাসনের কাছে এ ব্যাপারে তিনি সর্বোচ্চ সহযোগিতা কামনা করেছেন।
