আড়াইহাজারে বাবাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে ছেলে
আড়াই হাজার প্রতিনিধি :
আড়াইহাজার উপজেলায় মোটরসাইকেল কেনার জন্য টাকা চেয়ে না পেয়ে নিজের বাবাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে তার ছেলে। তবে পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে পিতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা ছেলে মানসিক ভারসাম্যহীন।
৪ জুলাই শুক্রবার সকালে উপজেলার বিশনন্দী ইউনিয়নের বিশন্দদী পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. মাহবুব (৪২)। ঘটনার পর থেকে তার ছেলে মো. ইয়াসিন (২২ ) পলাতক রয়েছে।
এলাকাবাসী জানায়, সকালে ইয়াসিন তার বাবার কাছে মোটরসাইকেল কেনার টাকা দাবি করে। মাহবুব টাকা দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ইয়াসিন উত্তেজিত হাতুড়ি দিয়ে বাবাকে এলোপাতাড়ি মারধর করে। গুরুতর আহত অবস্থায় মাহবুবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মাহবুব কৃষি কাজ করতো। অভিযোগ রয়েছে, ছেলে ইয়াসিন মাদকাসক্ত ছিল।
স্থানীয়রা আরও জানান, পিতার হত্যার অভিযুক্ত থেকে ছেলেকে রক্ষা করতে পরিবার এখন মানসিক ভারসাম্যহীন বলে দাবি করছে কিন্তু প্রকৃত ঘটনা হচ্ছে ছেলেটি মাদকাসক্ত।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে ছেলেকে মানসিক ভারসাম্যহীন দাবি করা হচ্ছে, তারা মানসিক ভারসাম্যহীনতার প্রমাণপত্র থানায় জমা দেবে বলে জানিয়েছে। অভিযুক্ত ছেলে পলাতক রয়েছে, তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।


