মামুন হত্যা মামলার তদন্ত কার্যক্রমকে প্রভাবিত করার অভিযোগে মানববন্ধন

খবর নারায়ণগঞ্জ.কম: ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসেন হত্যা মামলার তদন্ত কার্যক্রমকে প্রভাবিত করার অভিযোগ তুলে মানববন্ধন করেছে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দল এবং স্থানীয় সাধারণ জনগণ।
বুধবার (২৫ জুন) সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নিহত মামুনের স্ত্রী ও স্বজনেরা বলেন, “আমরা আতঙ্ক ও হুমকির মধ্যে রয়েছি। মামলার বিচার কার্যক্রমকে বাধাগ্রস্ত করার জন্য নানা ষড়যন্ত্র চলছে। তারপরও আমরা মামুন হত্যার সুষ্ঠু বিচার চাই।”
বক্তারা অভিযোগ করেন, এ হত্যাকাণ্ডের পেছনে যুবলীগ ক্যাডার আক্তার ও সুমনের হাত রয়েছে। তারা তদন্তকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা করছে। তাই তাদের অপতৎপরতা রোধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি।
মানববন্ধনে বক্তব্য দেন— ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমীন শিকদার, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন,
জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক জুয়েল আরমান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমিনুল হাসান লিটন, এসকে শাহীন, ফতুল্লা ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি বাদল প্রধান।
এ সময় বক্তারা মামুন হত্যার দ্রুত বিচার ও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।
